জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলাকালীন শ্রমিক দল নেতার নাম ব্যবহার করে গভীর রাতে এক্সক্যাভেটর বা খননযন্ত্র দিয়ে বসতঘর ও বেকারি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, প্রায় দেড়শ থেকে দুইশ লোকের একটি দল এনে মাত্র এক ঘণ্টার মধ্যে তাঁদের দীর্ঘ ৪০ বছরের পুরনো বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হয়। তাঁরা অভিযোগ করেছেন যে, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশের সহযোগিতা চেয়েও কোনো ফল পাননি। তাঁদের দাবি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফার নাম ব্যবহার করে স্থানীয় শাহীন ও মেহের আলীর লোকজন এই কাজ করেছেন। এমনকি পুলিশের উপস্থিতিতেই হামলাকারী ব্যক্তিরা বাড়ি ভাঙার কাজ শেষ করেছেন বলে তাঁদের অভিযোগ, যদিও পুলিশ এই দাবি অস্বীকার করেছে।

এই অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফা মুক্তকণ্ঠকে বলেন, ‘যারা ভেকু দিয়ে হামলা করে বসতঘর ভেঙে ফেলেছে, তারা অমানবিক কাজ করেছে। তাদের আমি চিনি না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, হীরাঝিল এলাকার প্রয়াত লঙ্কর আলী ভূঁইয়ার দুই ছেলে জয়নাল আবেদীন ও গোলাম মোস্তফা এবং দুই মেয়ে সুলতানা বেগম ও সখিনা বেগম পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া মোট সাড়ে ১২ শতাংশ জমি দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছিলেন। প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই জমিটি নিয়ে বিরোধ থাকায় বর্তমানে দেওয়ানি আদালতে মামলা চলছে। চলতি মাসে এই বিষয় নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিন দফা সালিসও অনুষ্ঠিত হয়। তবে মামলা বিচারাধীন থাকায় সালিসে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী সুলতানা বেগম মুক্তকণ্ঠকে জানান, গত কয়েক মাস ধরে স্থানীয় শাহীন, পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, সবুজ, সজীব ও জসিম তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ১৫০ থেকে ২০০ লোকের একটি দল নিয়ে এসে ভেকু দিয়ে তাঁদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুলতানা বলেন, ‘আমি নাতিকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভেবেছিলাম, ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে বাইরে এসে দেখি, ভেকু দিয়ে আমাদের ঘর ভাঙা হচ্ছে। মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে আমাদের ৪০ বছরের বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়।’ সুলতানার অভিযোগ, হামলার সময় তাঁরা ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশকে বিষয়টি জানালেও পুলিশ কোনো সহযোগিতা করেনি।

সুলতানার ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই হামলাকারী ব্যক্তিরা ভেকু ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের বাড়ি ভাঙতে এসেছিলেন। সে সময় ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসায় হামলাকারী ব্যক্তিরা চলে যান। কিন্তু ৭ নভেম্বর তাঁরা পুনরায় এসে হুমকি দিয়ে যান। এবার পুলিশকে একাধিকবার জানালেও বাড়ি ভাঙা ঠেকানো সম্ভব হয়নি। তাঁর দাবি, পুলিশ ঘটনাস্থলে এলেও তাঁদের সামনেই ভাঙচুরের কাজ শেষ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা আগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন বিএনপির ছত্রচ্ছায়ায় জমি দখলের চেষ্টা করছেন। শাহীনের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তিনি জানান। তাঁর দাবি, শাহীনকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে কার নির্দেশে বসতঘর ভেঙেছেন তিনি।

এই বিষয়ে অভিযুক্ত শাহীনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করা হলে জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, অপরাধী যে দলেরই হোক, তাঁকে অপরাধী হিসেবেই দেখবে সরকার। বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি। জেলা পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।