কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশদূষণের দায়ে একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সৈকতের বালুচরে চলাচলের বিধিনিষেধ অমান্য করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষ বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার জন্য ড্রেজার–সদৃশ একটি যন্ত্র ব্যবহার করছে। এই প্রমাণ পাওয়ার পর রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ ছাড়াও দ্বীপের আরও দুটি প্রতিষ্ঠান— ‘সূর্যস্নান’ ও ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’-এ বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি পাওয়া গেছে। আদালত এই দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার বিষয়ে মুচলেকা গ্রহণ করেছেন। এছাড়া সৈকতের বালুচরে নিষিদ্ধ মোটরসাইকেল চালানোর দায়ে চারটি যান জব্দ করা হয়েছে।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান বলেন, “প্রতিবেশগত সংকটাপন্ন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হচ্ছে।”

অন্যদিকে, সেন্ট মার্টিনের সমুদ্রসীমার নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া–৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ট্রলারটির চালককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। এই পুরো অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড এবং বিচের কর্মীরা সহযোগিতা করেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, কক্সবাজার শহর থেকে পাঁচটি জাহাজে করে প্রতিদিন প্রায় আড়াই হাজার পর্যটক দ্বীপে আসছেন। তাদের মধ্যে অর্ধেক পর্যটক রাত যাপনের জন্য স্থানীয় হোটেল ও রিসোর্টে অবস্থান করেন এবং বাকিরা ফিরতি জাহাজে ফিরে যান। বর্তমানে দ্বীপে প্রায় আড়াই হাজার পর্যটক অবস্থান করছেন বলে তিনি জানান।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই দ্বীপে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি ও কাঁকড়াসহ মোট ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। তবে বর্তমানে দ্বীপে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের চলাচল বৃদ্ধি পেয়েছে, যার ফলে চাকার নিচে পিষ্ট হয়ে লাল কাঁকড়া, শামুক ও ঝিনুকের মতো সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। এছাড়া দ্বীপে অনেক হোটেল, রিসোর্ট ও কটেজ পরিবেশ ছাড়পত্র ছাড়াই নির্মিত হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এসব প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি সাগরে মিশছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে দ্বীপটির জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় সরকার পুরো দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এই এলাকায় পরিবেশ ধ্বংসকারী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে।

পরিবেশ আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।