নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক, মালিকপক্ষসহ সব পক্ষের বৈঠক চলছে। আজ মঙ্গলবার তৃতীয় সংশোধিত প্রস্তাব দেবে শ্রমিক ও মালিকপক্ষ। এ বৈঠকেই শেষ পর্যন্ত মজুরি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষ সমঝোতা হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ বেলা সাড়ে ৪টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, শ্রমিকদের মজুরি প্রস্তাবের বিপরীতে গতকাল মালিকপক্ষ প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা ন্যূনতম প্রস্তাব দেন। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়। পরে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা দাবি করে পুনরায় সংশোধিত প্রস্তাব জমা দেয়। সব শেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে।
তার আগে বেলা সোয়া তিনটায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।
এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় ছিলেন।
পোশাকশিল্প খাতের মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হয় গতকাল সোমবার। কয়েক দফা বিরতি দিয়ে ওই সভা চলে প্রায় পৌনে নয় ঘণ্টা। তাতেও মজুরির সিদ্ধান্তে একমত হতে পারেনি কোনো পক্ষ।
নব্বই দশকের শুরুতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। তারপর প্রায় ত্রিশ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। তখন ন্যূনতম মজুরি হয় সাড়ে ১২ হাজার টাকা।