পঞ্চম আসরের ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো 'গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬' আয়োজন করতে যাচ্ছে গুলশান ক্লাব লিমিটেড। এই বিশেষ ক্রীড়া আয়োজন উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর ২০২৬) ক্লাবের ক্রিস্টাল প্যালেসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্রীড়া ও সৌহার্দ্যের এই মিলনমেলা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
২০১৯ সালে এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল। সেই প্রথম বছর মাত্র ৯টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী এবং ৯টি ইভেন্ট নিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয়। সময়ের সাথে সাথে এর পরিধি বৃদ্ধি পেয়েছে এবং ২০২৫ সালে এসে এটি ২২টি ক্লাব, ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারী, ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
চলতি বছরের অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে মোট ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এবারের প্রতিযোগিতায় মোট ১৯টি ইভেন্ট রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্নুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিস। উল্লেখ্য যে, গত আসরে অলিম্পিয়াডে প্যাডেল ও ওয়েটলিফটিং যুক্ত করা হয়েছিল। এবার নতুন ইভেন্ট হিসেবে যোগ করা হয়েছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ।
সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু) বলেন, ‘এবার আমরা আরও বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করছি। সামাজিক ক্লাবগুলোকে একসুতোয় গাঁথাই এই ক্রীড়া আয়োজনের মূল লক্ষ্য।’
অন্যদিকে, আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এবার মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ যুক্ত হওয়ায় আমাদের আরও অনেক সদস্য অংশ নেওয়ার সুযোগ পাবেন।’
গত রবিবারের এই সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।