ইরানের এক গায়িকা এবং তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ মাধ্যমে তাঁরা আইন অমান্য করেছেন। গতকাল সোমবার ইরানের একটি সংবাদ ওয়েবসাইটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ নামক ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, গায়িকা পারাস্তো আহমাদি এবং তাঁর দলের ওই চার সদস্যের ওপর আরও দুটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী দুই বছর তাঁরা কোনো ধরনের শৈল্পিক বা সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। একই সঙ্গে তাঁদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন পারাস্তো আহমাদি। উল্লেখ্য, ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক।
বেত্রাঘাতের এই শাস্তিকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলোর সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে ইরান বলে আসছে, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া।
গায়িকার এই শাস্তির বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে অনুরোধ জানানো হলেও ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ২০২২ সালে কুর্দি-ইরানি তরুণী মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর পুরো দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করার নিয়মটিই হয়ে ওঠে বিক্ষোভের অন্যতম প্রধান কারণ।
বর্তমানে তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্তে নারীরা ক্রমেই এই নিয়ম অমান্য করছেন। পাশাপাশি নিয়মটি কার্যকরের ক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোরতা আগের তুলনায় কিছুটা কমেছে এবং এখন বেছে বেছে তা প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।