দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের মেধার পরীক্ষা দিতে হয়। কিন্তু এবারের ভর্তি মৌসুমে মনে হচ্ছে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও একটি পরীক্ষা হওয়া জরুরি। কারণ, শিক্ষার্থীরা কোন পরীক্ষায় বসবেন, কবে বসবেন, আদৌ বসতে পারবেন কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কর্তৃপক্ষ নিজেরাই যেন সিদ্ধান্তের পরীক্ষায় বসে গেছেন! ভবিষ্যৎ অন্ধকার ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের পক্ষে আবেদন করেছেন মাহমুদুল হাসান
বরাবর
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর।
বিষয়: বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কর্তৃপক্ষের সমন্বয়, সিদ্ধান্ত গ্রহণ ও সময়জ্ঞান যাচাইয়ের জন্য বিশেষ পরীক্ষা গ্রহণের আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমরা দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তবে সম্প্রতি বুঝতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমাদের আরও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সেটি হলো—কোন কর্তৃপক্ষ কখন কী সিদ্ধান্ত নেবেন, কোন সিদ্ধান্তের সঙ্গে কোন সিদ্ধান্তের মিল থাকবে এবং শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত কার্যকর হবে, তা অনুমান করার পরীক্ষা।
এ বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাংশকে সর্বোচ্চ দুই বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা ডিসেম্বর মাসে সম্পূরক পরীক্ষা দেবেন, ফল প্রকাশ হওয়ার কথা ২৩ ডিসেম্বর। অথচ তাঁদের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ঘণ্টা বেজে উঠেছে। অর্থাৎ শিক্ষার্থীরা তখনো আগের পরীক্ষার ফল নিয়ে অপেক্ষায়, আর বিশ্ববিদ্যালয়গুলো পরের পরীক্ষার আসনবিন্যাস নিয়ে ব্যস্ত!
ইউজিসি একবার বলেছে, ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা আগের সিদ্ধান্তেই অটল। পরে হাইকোর্ট ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ইউজিসি আবার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার কথা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আমরা সাধারণ শিক্ষার্থী। এতগুলো সিদ্ধান্তের মধ্যে কোনটি চূড়ান্ত, তা বোঝার মতো উচ্চতর ডিগ্রি আমাদের নেই। তাই বিনীতভাবে প্রস্তাব করছি, ভর্তি পরীক্ষার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সমন্বয় পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষার বিষয় হতে পারে—
১. একই শিক্ষাবর্ষে একই বিষয়ে একাধিক পরস্পরবিরোধী সিদ্ধান্ত না নেওয়ার কৌশল।
২. শিক্ষার্থীর ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা কতটা যুক্তিসংগত, তা নির্ণয়।
৩. ইউজিসির নির্দেশনা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও আদালতের আদেশের মধ্যে সমন্বয় সাধন।
৪. একটি সিদ্ধান্ত প্রত্যাহার করার আগে তার আগের সিদ্ধান্তের পরিণতি বিবেচনা।
৫. শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁদের কথাও একবার শোনার অভ্যাস।
পরীক্ষার ফলাফলে যাঁরা ভালো করবেন, তাঁদের হাতে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব না দিলেও অন্তত সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসানো যেতে পারে। আর যাঁরা অকৃতকার্য হবেন, তাঁদের জন্য বিশেষ সম্পূরক সমন্বয় পরীক্ষা রাখা যেতে পারে।
আমরা জানি, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু স্বায়ত্তশাসনের অর্থ যদি হয় প্রত্যেকে নিজের মতো করে সময়সূচি বানাবেন, তাহলে শিক্ষার্থীদেরও নিজেদের মতো করে ভবিষ্যৎ বানানোর অধিকার থাকা উচিত। কারণ, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার বদলানোর ক্ষমতা শিক্ষার্থীদের নেই, অথচ সেই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় তাঁদের ভবিষ্যৎ লেখা থাকে।
অতএব, মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে বাধিত করবেন।
নিবেদক
দেশের সব অপেক্ষমাণ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর পক্ষে
একজন অনিশ্চিত ভবিষ্যতের পরীক্ষার্থী।