গত ১০ নভেম্বর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাত। নবীন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে তাঁর দেওয়া বক্তব্যের নির্বাচিত অংশ এখানে তুলে ধরা হলো।

অধ্যাপক আইনুন নিশাত তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে এবং সেই সাথে জ্ঞানের পরিমণ্ডলও বদলে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি এবং আধুনিক কাজের কৌশল উদ্ভাবিত হচ্ছে। তাই তাঁর মতে, কেবল প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করার অর্থ এই নয় যে শেখার প্রক্রিয়াটি শেষ হয়ে গেছে।

বিশেষ করে যারা ব্যবস্থাপনা বিভাগে কাজ করছেন, তাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ব্যবস্থাপনাগত দক্ষতা এবং উপাত্ত বিশ্লেষণের আধুনিক কৌশল যুক্ত হচ্ছে। সামগ্রিকভাবে যুগের সাথে সাথে পেশাগত জীবন পরিবর্তিত হচ্ছে। তাই এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে সব সময় নিজেকে হালনাগাদ রাখা অপরিহার্য।

নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, প্রায় ৬৫ বছর আগে যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন, তখন কম্পিউটারের অস্তিত্ব ছিল না। পরবর্তীতে পিএইচডি করতে যখন তিনি স্কটল্যান্ড যান, তখন সেখানে আলমারির মতো বিশাল মেইনফ্রেম কম্পিউটার দেখেছিলেন।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন যে, আজ সবার পকেটে থাকা স্মার্টফোনের ক্ষমতা সেই বিশাল কম্পিউটারের চেয়েও অনেক গুণ বেশি। সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তি ও নতুন বিষয় আসতেই থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সমালোচনা থাকলেও, এটি টিকে থাকার জন্যই এসেছে। তাই এর সঙ্গে মানিয়ে নিয়ে একে কার্যকরভাবে কাজে লাগাতে শিখতে হবে।

পেশাগত জীবনে সফল হওয়ার জন্য যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। অধ্যাপক নিশাত জানান, তাঁর কর্মজীবনের শুরু হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বড় বড় ভবনের নির্মাণকাজের মাধ্যমে।

তবে সময়ের প্রয়োজনে এবং কাজের সুবাদে তাঁর পেশাগত পথ সম্পূর্ণ বদলে যায়। বর্তমানে তিনি পানি ব্যবস্থাপনা, নদী প্রকৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় প্রকৌশল এবং সবশেষে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন।

তিনি জানান, অনেক বিষয়ই পাঠ্যবইয়ে ছিল না; কাজের প্রয়োজনে সেগুলো শিখে নিতে হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “বইয়ের তত্ত্বে যেভাবে নদী সামলাতে হয়, সেভাবে যমুনা বা পদ্মা নদী সামলানো যাবে না। সে জন্য আমাকে যেতে হয়েছে নদীর কাছে। নদীর সঙ্গে কথা বলতে হয়েছে, সেভাবেই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

একইভাবে গঙ্গা পানিচুক্তি বা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কাজ করতে গিয়ে কীভাবে দর-কষাকষি করতে হয়, সেটিও তাঁকে বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে হয়েছে। তিনি সতর্ক করে বলেন, শুধু নিজের পঠিত বিষয়ের গণ্ডিতে আটকে থাকলে পেশাগত জীবনে উন্নতি করা সম্ভব নয়। প্রয়োজন অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়-জীবনের গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করা শিক্ষার্থীদের প্রতি তাঁর দুটি বিশেষ পরামর্শ ছিল। তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের পরও নিজের বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, বিদেশে অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের ক্ষেত্রে সাহায্য করে থাকেন, তাই বর্তমান শিক্ষার্থীদেরও সেভাবে এগিয়ে আসা উচিত।

তিনি মনে করিয়ে দেন যে, সহপাঠী এবং একই প্রতিষ্ঠানের সিনিয়র-জুনিয়রদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক জীবনের এক অমূল্য সম্পদ। এই নেটওয়ার্ক পেশাগত ও ব্যক্তিগত জীবনে সব সময় পাশে থাকে।

কখন কোথা থেকে সুযোগ আসবে, তা কেউ আগে থেকে জানে না। এই কারণে সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। তাঁর মতে, জীবনে শেখার কোনো শেষ নেই। নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

পড়াশোনার বিষয়টিতেই আজীবন আটকে থাকতে হবে, এমন কোনো কথা নেই। বরং প্রয়োজন অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তনের জন্যও প্রস্তুত থাকতে হবে। জীবনটা এভাবেই আনন্দময় হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।