সারা দেশে অসংখ্য সেতু, কালভার্টসহ নানা ধরনের অবকাঠামো নির্মাণের ফলে নৌপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটের জন্য মূলত সরকারি বিভিন্ন সংস্থাকে দায়ী করেছেন বিশেষজ্ঞ।
এই ধ্বংসযজ্ঞের দায় কার ওপর বর্তায়, সে বিষয়ে আইনুন নিশাত বলেন, “আমি প্রথমত দায়ী করব এলজিইডিকে (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)। দ্বিতীয়ত, পানি উন্নয়ন বোর্ডকে। তৃতীয়ত, সড়ক ও জনপথ অধিদপ্তরকে। তার সঙ্গে আমি বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন), স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইউনিট, অর্থাৎ ইউনিয়ন পরিষদকেও দায়ী করব।” তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি লক্ষ্য করছে না যে সেতু-কালভার্ট নির্মাণের মাধ্যমে ৩০০ ফুট চওড়া একটি নদীকে মাত্র ৩০–৪০ ফুটে নামিয়ে আনা হয়েছে? তিনি আরও জানান, সেতুগুলোর নকশা করার সময় শীতকালীন নদীর অবস্থার কথা বিবেচনা করা হয়, অথচ নকশা করা উচিত ছিল বর্ষাকালের নদী ধরে। শীতকালে যে নদী ৫০ ফুট প্রশস্ত থাকে, বর্ষায় তা ২০০ ফুট পর্যন্ত বিস্তৃত হয়। ফলে প্রশস্ততা কমিয়ে ফেললে নদীর সেডিমেন্ট ক্যারিং ক্যারেক্টারিস্টিক (পলি বহনকারী বৈশিষ্ট্য) বদলে যায় এবং নদীর উজানে ভরাট হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।
অপ্রশস্ত সেতু ও কালভার্টের কারণে নদীর কী ধরনের ক্ষতি হচ্ছে এবং জনজীবনে এর প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে আইনুন নিশাত ব্যাখ্যা করেন, “আপনি ৫০০ ফুটের জায়গায় যদি ৩০০ ফুট করেন, তাহলে দুই পাশে ১০০ ফুট করে সংকোচন করে দিলেন। ২০০ ফুট যদি করেন, তাহলে ১৫০ ফুট করে সংকোচন করে দিলেন, তাই না? ফলে নদী আস্তে আস্তে মরে যায়।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্ষাকালে নদীর ডিসচার্জ বা পানিপ্রবাহ ক্ষমতার বিষয়টি আমরা গুরুত্ব দিই না। উদাহরণ হিসেবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ফেনী ও কুমিল্লায় বন্যা হলেও পানি নামতে দেরি হয়েছে, কারণ গ্রামের রাস্তা এবং সেগুলোর কালভার্ট ও সেতু এতই ছোট যে পানি আটকে গেছে।
তিনি আরও জানান, গত বছর বর্ষা মৌসুমে কুমিল্লা ও ফেনী অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা ধারণ করার মতো সক্ষমতা এখন আমাদের নদীগুলোর নেই, কারণ নদীগুলো ভরাট হয়ে মৃতপ্রায়। সবচেয়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। যশোর ও খুলনার মতো এলাকায় নদীর মৃত্যুতে বিস্তীর্ণ অঞ্চল জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কিছু তথ্য প্রদান করলেও আইনুন নিশাতের ধারণা, সব তথ্য দেওয়া হয়নি। নদীর পানি পরিবহনক্ষমতা কমে যাওয়ায় প্লাবনভূমিতে বন্যার স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে।
নির্মাণকারী সংস্থাগুলোর পাশাপাশি পরিকল্পনা কমিশনকেও এই অপরিকল্পিত নির্মাণের জন্য দায়ী করেছেন তিনি। তার মতে, পরিকল্পনা কমিশনের মূল লক্ষ্য থাকে ব্যয় কমানো। যথাযথভাবে সেতু নির্মাণ করলে খরচ বাড়বে, আর সেই খরচ বাঁচাতে তারা সেতুর দৈর্ঘ্য ছোট করে ফেলে, যা পরোক্ষভাবে নদীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
অবকাঠামো নির্মাণের নির্দেশিকা সম্পর্কে জানতে চাইলে আইনুন নিশাত জানান, প্রয়োজনীয় সব নির্দেশিকা বিদ্যমান রয়েছে। তিনি বলেন, “আমাদের সব নির্দেশিকা আছে। এলজিইডির নির্দেশিকা চমৎকার। আশির দশকের দিকে এলজিইডিতে প্রধান প্রকৌশলী ছিলেন কামরুল ইসলাম সিদ্দিকী। তিনি অবকাঠামোর পরিকল্পনা ও পরিবেশগত নির্দেশিকা করেছিলেন। অনেক আগে থেকেই আমাদের সব আছে। আমাদের অ্যাকশন প্ল্যানের (কর্মপরিকল্পনা) কোনো অভাব নেই।” তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে নতুন ভাবে জুতা আবিষ্কার করবেন না। পুরোনো তথ্যগুলোকে একত্র করে কোনটা কাজ করছে, আর কোনটা করছে না, এটা বের করেন।”
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর করুণ দশা এবং সেখানে বাঁধ, স্লুইসগেট ও রেগুলেটরের ভূমিকা প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, “এখন আমার লজ্জা লাগে এই কথা বলতে যে আমাদের স্লুইসগেট, রেগুলেটরগুলোর নকশা করা হয়েছিল পাঁচ দশক আগে। তখন প্রকল্পের খরচ কমানোটা ছিল প্রধান উদ্দেশ্য। এখন তো সেটার প্রয়োজন নেই; কিন্তু ওই নকশা কেন বদলাবে না? কেন পরিবেশসম্মত নকশা হবে না? এ জন্য আমি মূলত দায়ী করছি পরিকল্পনা কমিশন ও পরিবেশ অধিদপ্তরকে।”
তিনি আরও বলেন, আগে নদীর দুই পাশে কোনো এমব্যাংকমেন্ট বা বাঁধ ছিল না, কিন্তু এখন বাঁধ দিয়ে নদীকে সংকুচিত করে ফেলা হয়েছে। ফলে নদীর পানি উপচে দুই পাশে যাওয়ার সুযোগ নেই। ছোট নদীগুলো বড় নদীতে মিশে যাওয়ার মুখ স্লুইসগেট ও রেগুলেটর দিয়ে আটকে দেওয়া হয়েছে।
বর্ষাকালে নৌযান চলাচলের জন্য সেতুর তলা এবং পানির মধ্যে পর্যাপ্ত ক্লিয়ারেন্স বা ব্যবধান থাকা প্রয়োজন। তবে যমুনা ও পদ্মা সেতু ছাড়া অন্য বড় নদীগুলোতে বড় নৌযান চলাচলে সমস্যা হচ্ছে। উদাহরণস্বরূপ, বুড়িগঙ্গা ১ নম্বর ও ২ নম্বর সেতুর নিচ দিয়ে লঞ্চ চললেও বছিলা সেতুর কাছে তা আটকে যায়। আইন থাকা সত্ত্বেও ক্লিয়ারেন্সের নিয়ম মানা হচ্ছে না, কারণ এক মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়ের কোনো সমন্বয় নেই বলে তিনি মনে করেন।
এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে আইনুন নিশাত বলেন, “নদীর প্রবাহ আটকে রাখা অবকাঠামোগুলো ভেঙে বড় করতে হবে। যেখানে যেখানে প্রবাহ এখনো আছে, সেখানে নদীটাকে পুনঃখনন করে তার ওপেনিংটা বাড়িয়ে দিতে হবে। সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে যে নদীর প্রবাহ আটকে কোনো সেতু করা যাবে না। এটা যে সংস্থা মানবে না, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।”