প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা যেন কর্মস্থল ত্যাগ না করেন, সেই বিষয়ে কঠোর নির্দেশনা সংবলিত একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে সোমবার এই সার্কুলারটি জারি করা হয়।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থলে যথাযথ উপস্থিতি নিশ্চিত করা, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ না করা এবং বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সার্কুলারটি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়া এবং এজলাসের সময়ের সর্বোচ্চ ব্যবহার করে বিচারকাজ পরিচালনার বিষয়ে এর আগেও হাইকোর্ট বিভাগ থেকে বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি এই কোর্টের নজরে এসেছে যে, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ বা জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তারা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। সার্কুলারে বলা হয়েছে, ‘অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের পূর্বে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এ ছাড়া অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করছেন।’

কর্তৃপক্ষ মনে করে, এই ধরনের আচরণের ফলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই বিষয়ে সার্কুলারে বলা হয়, ‘বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক।’

বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, শৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির স্বার্থে অধস্তন আদালতের বিচারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা হাইকোর্ট থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনের স্বাক্ষরিত ওই সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সকল বিচার বিভাগীয় কর্মকর্তা যেন প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব না করেন। কর্মদিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করাসহ এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করেন এবং কোনো যৌক্তিক কারণ ব্যাতীত নির্ধারিত সময়ের পূর্বে এজলাসের বিচারিক কার্যক্রম সমাপ্ত না করেন তৎমর্মে সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ দেওয়া হলো।’

সার্কুলারে আরও সতর্ক করা হয়েছে যে, উল্লিখিত নির্দেশনা অমান্য বা লঙ্ঘনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।