বিয়ে, উন্নত জীবন এবং চাকরির লোভ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের চীনে পাচারের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টিরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, খাগড়াছড়িতে এই ধরনের ঘটনার সংখ্যা প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি। তবে সামাজিক জড়তা ও লোকলজ্জার ভয়ে অনেক পরিবার এই ঘটনাগুলো গোপন রাখায় পাচারের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলনকক্ষে মানব পাচারবিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে গবেষণার মাধ্যমে উঠে আসা এই উদ্বেগজনক তথ্যগুলো উপস্থাপন করা হয়।
‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন’ শীর্ষক ওই গবেষণায় বিস্তারিত জানানো হয়েছে যে, প্রতারণামূলক বিয়ের প্রতিশ্রুতি, চাকরির প্রলোভন এবং আত্মীয়স্বজন বা পরিচিতদের মাধ্যমে নারীদের পাচারের ফাঁদে ফেলা হচ্ছে। পাচারকারী চক্রগুলো তাদের কার্যক্রম পরিচালনায় ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গবেষণায় মানব পাচারের মূল কারণ হিসেবে দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষার সীমিত সুযোগ এবং লিঙ্গবৈষম্যের মতো বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, “উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারীদের চীনে পাচারের ঘটনা উদ্বেগজনক। এ অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “মানব পাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা আপস-মীমাংসা করে ফেলেন। এতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়।”
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের ব্যক্তিগত ও আবেগঘন পোস্টগুলো পাচারকারীদের আকৃষ্ট করতে পারে, তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, নারীনেত্রী নমিতা চাকমা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা এবং নারী কারবারি অঞ্জলি ত্রিপুরা।
প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা স্মৃতি রঞ্জন ধামাই গবেষণার ফলাফল ও সুপারিশগুলো উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমপাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান।