ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পরস্পরবিরোধী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং উভয় পক্ষের প্রায় ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষেরই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

এলাকার বাসিন্দাদের দেওয়া তথ্যানুযায়ী, দোহারো গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এবং সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। মূলত সামাজিক আধিপত্য বিস্তারের এই দ্বন্দ্বই সোমবার বিকেলে চরম রূপ নেয়। দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এই রক্তক্ষয়ী লড়াইয়ে অন্তত ১৫ জন আহত হন। পাশাপাশি আটটি বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি মোট ২৮টি বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, “দোহারো গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছে। তবে কারোরই বড় কোনো আঘাত নেই।”

সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানতে বিএনপি নেতা উজির আলী এবং যুবদল নেতা বাবু জোয়ার্দারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “সকালে এক চায়ের দোকানে দুই যুবক মারামারি করে। এই মারামারির জেরে বেলা তিনটার দিকে উপজেলা বিএনপির সদস্য উজির আলী ও ইউনিয়ন যুবদল নেতা বাবু জোয়ার্দারের সমর্থকেরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হন।”

কয়েকটি বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হওয়ার বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে না পারলেও নজরুল ইসলাম জানান, উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন এবং উভয়েরই বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। তিনি আরও জানান, সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, “সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই গ্রামে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”