বিএনপিতে পুনরায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলটির বহিষ্কৃত সদস্য রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনরত এই নেত্রী নিশ্চিত করেছেন যে, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন জমা দেননি। বর্তমান পরিস্থিতিতে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিএনপিতে প্রত্যাবর্তন সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন রুমিন ফারহানা। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাঁদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’

নিজের অবস্থান আরও স্পষ্ট করে রুমিন ফারহানা বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসের প্রেক্ষাপট সম্পর্কে রাতে মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা জানান, ‘অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে থাকেন, আমি বিএনপিতে ফিরে যাব কি না, সবার উদ্দেশে আমি এ জবাব দিয়েছি।’

বিএনপির কোনো নির্দিষ্ট নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেছেন কি না, সে বিষয়ে জানতে চাইলে এই স্বতন্ত্র সংসদ সদস্য জানান, ‘বিষয়টি এমন নয়। সবার প্রশ্নের উত্তর দেওয়া জন্যই এমন বলেছি।’

উল্লেখ্য, রুমিন ফারহানা দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ৩০ ডিসেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য যে, উক্ত আসনটি বিএনপির শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে প্রার্থী হন মাওলানা জুনায়েদ আল হাবিব। শেষ পর্যন্ত নির্বাচনে তাঁকে পরাজিত করে হাঁস প্রতীকে জয়লাভ করেন রুমিন ফারহানা।