এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থী। একই সঙ্গে ফেল করা ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী এবার পাস করেছেন। সব মিলিয়ে মোট ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তবে এই ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় একাধিকবার বিভ্রান্তি ও ভুলের ঘটনা পরিলক্ষিত হয়েছে। শুরুতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পরবর্তীতে দ্বিতীয়বার জানানো হয়, ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন এবং ২৩ হাজার ১৪৫ জনের নম্বর পরিবর্তন হয়েছে। সেই সময়ে নতুন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা জানানো হয়েছিল ১৬০০ জন।

অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে সংশোধিত ফলাফল প্রকাশ করেছে, সেখানে দেখা যায় নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা ১ হাজার ৬২০ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৫ জন, কুমিল্লায় ১২০ জন, রাজশাহীতে ৫৬ জন, যশোরে ১৬৩ জন, চট্টগ্রামে ১০১ জন, বরিশালে ২১ জন, সিলেটে ৭৭ জন, দিনাজপুরে ১৩৪ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭৪ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়েছিল। সে সময় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাঁদের আবেদনের প্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে।

ফলাফল প্রকাশে প্রাথমিক ভুলের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, “দ্রুততার সঙ্গে ফল তৈরি করতে গিয়ে প্রথমে ভুল হলেও পরে তা দ্রুতই সংশোধন করে প্রকাশ করা হয়েছে।”

এসএসসিতেও ছিল ব্যাপক পরিবর্তন
এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। সে সময় ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পান। প্রথম ফল প্রকাশের পর ফেল করা ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী পুনর্মূল্যায়নে পাস করেন, যা গত বছরের ২ হাজার ২০৭ জনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া এসএসসিতে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড এবং ৫৬ হাজার ২৫৯ জনের নম্বর পরিবর্তন হয়েছিল।

উত্তরপত্র মূল্যায়নব্যবস্থার মান নিয়ে প্রশ্ন
প্রতিবছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণে কিছু ফল পরিবর্তন হয়। তবে এ বছর দুই পরীক্ষাতেই আবেদনের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে এবং ফল পরিবর্তনের হার অস্বাভাবিকভাবে বেড়েছে।

পুনর্নিরীক্ষণের পর এত ব্যাপক পরিবর্তন কেবল ফল সংশোধনের বিষয় নয়, বরং এটি এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নব্যবস্থার মান ও নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রথম দফায় উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষকদের দেওয়া নম্বর কতটা নির্ভুল ছিল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, পুনর্নিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়ার কারণেই এবার ফলাফলে অধিক পরিবর্তন এসেছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, “এবার পুনর্নিরীক্ষণে কারও ফলের অবনতি হয়নি। তবে পরবর্তী বছর থেকে সেই ব্যবস্থাও রাখা হতে পারে।”