যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই নামকরণের প্রস্তাবটি অনুমোদন করেছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।
আজ সোমবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
শিকাগোর স্থানীয় সময় গতকাল দুপুর ১২টায় বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেই নামফলক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এই উদ্যোগের মূল উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
পাশাপাশি শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই সুবিশাল ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বজুড়ে এফ আর খান নামে পরিচিত। এক সময়ের বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে খ্যাত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর বিশেষ উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই নামকরণের পুরো কার্যক্রম পরিচালিত হয়। সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও রাজনৈতিক অবদানকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ব্যাপক জনপ্রিয়তা এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
উল্লেখ্য যে, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।