বাংলাদেশে আর্থিক সেবার সুযোগ থেকে বঞ্চিত মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে অ্যালমার সঙ্গে একটি ঋণ সুবিধার চুক্তি স্বাক্ষর করেছে সহজমোবাইল। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়া ইউএস-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সর্বমোট আড়াই কোটি ডলার ঋণ গ্রহণ করতে পারবে। বিকন পিক পার্টনারসের নেতৃত্বে সহজমোবাইল গ্রাহকদের স্মার্টফোন কেনার জন্য এই অর্থায়নের সুবিধা প্রদান করবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে তাদের কার্যক্রম শুরু করার পর থেকে সহজমোবাইল ৩ হাজার ৩০০টিরও বেশি খুচরা বিক্রেতা অংশীদারের সহায়তায় লাখ লাখ গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ করে দিয়েছে। নিজস্ব উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং স্থানীয় কার্যক্রমের সমন্বয়ে ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়ন করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এবং নারীদের ডিজিটাল সংযোগ স্থাপন ও আর্থিক অন্তর্ভুক্তির হার বৃদ্ধি করতে চায় তারা।
বাংলাদেশে ডিজিটাল সংযোগ এবং ঋণ প্রাপ্তির ক্ষেত্রে এখনো বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এই বিষয়ে সহজমোবাইলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান ফয়েজ বলেন, ‘এই অঞ্চলের ঋণবাজারে বিপুল সম্ভাবনা রয়েছে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও মনোযোগ পাওয়ার দাবি রাখে। আমরা এমন একটি বাজার দেখছি, যেখানে সেবার ঘাটতি থাকলেও ঋণের বাস্তব চাহিদা রয়েছে। এই অর্থায়ন আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে এবং স্মার্টফোন অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সাধারণ ঋণগ্রহীতাদের সঙ্গে আন্তর্জাতিক মূলধনের সংযোগ গড়ে তুলতে সহায়তা করবে।’
সহজমোবাইলের ব্যবস্থাপনা দলের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, তাদের দলে গুগেনহেইম পার্টনারস, বিএডব্লিউএজি, গুগল, কোয়ালিয়া, ম্যাকুয়ের, ব্ল্যাকরক ও কিয়াভিতে ঋণদান, ঋণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি খাতে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। এর পাশাপাশি সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু আল মোতালিবের বাংলাদেশের উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করেছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এবং খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। মূলধন, ঋণযোগ্যতা যাচাই এবং স্থানীয় বিতরণব্যবস্থাকে একীভূত করে দায়িত্বশীল ঋণদানের চর্চা বজায় রেখে কিস্তিতে ফোন কেনার প্রক্রিয়া সহজ করছে সহজমোবাইল। সাধারণত একজন গ্রাহক স্মার্টফোন কেনার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন, যার জন্য জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে এই ঋণ সুবিধার পরিমাণ দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। ঋণ পরিশোধের জন্য ৬ থেকে ৯ মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সহজমোবাইল বিডি লিমিটেড ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র লাভ করেছে। এই পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় অগ্রাধিকার পাবেন নিম্ন আয়ের মানুষ যাদের স্মার্টফোন নেই এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দারা। পুরো কার্যক্রমটি নির্ধারিত পরিচালন শর্ত ও নিয়মিত পর্যবেক্ষণের অধীনে পরিচালিত হবে।
আবু আল মোতালেব বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল করার শুরুটা মানুষকে সংযুক্ত করার মধ্য দিয়ে। গ্রামের একজন মানুষের জন্য স্মার্টফোন কাজ খোঁজা, ক্রেতার কাছে পৌঁছানো, অর্থ গ্রহণ ও জরুরি সেবা পাওয়ার মাধ্যম হতে পারে। আয় করতে সহায়ক এমন একটি সম্পদ কেনায় আমরা অর্থায়নের সুযোগ দিতে চাই। এর মধ্যে নারীরাও রয়েছেন, যাঁরা এই বাজারে এখনো ব্যাপকভাবে সেবাবঞ্চিত।’