ভেবেছিলেন সহজেই জয়লাভ করবেন। সেই আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করেই গ্রামবাসীদের কষ্ট লাঘব করতে রাস্তার ধারে বিজলিবাতি লাগিয়েছিলেন তিনি। যার ফলে দীর্ঘকাল অন্ধকারে ডুবে থাকা গ্রামগুলোর পথঘাট ঝলমল করে উঠেছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর সেই আলো আবার অন্ধকারে মিলিয়ে গেল। অভিযোগ উঠেছে, ভোট না দেওয়ার শোধ নিতেই স্থানীয় বিজেপি নেতা এই পদক্ষেপ নিয়েছেন।

মরুরাজ্য রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ওই রাজ্যের টোঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতির নির্বাচনে স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রী এবার প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে এবং গ্রামের অন্ধকার রাস্তার সমস্যা দূর করতে তিনি সড়কবাতি লাগিয়েছিলেন।

সন্ধ্যার পর থেকে ঝলমলে হয়ে উঠত এতকাল অন্ধকারে ডুবে থাকা রাস্তাগুলো। এতে গ্রামবাসী অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু সেই সুখ যে ক্ষণস্থায়ী এবং শর্ত সাপেক্ষ, তা তাঁরা বুঝতে পারেননি। বুঝলেন ভোটের ফল প্রকাশের পর। তাঁরা দেখলেন, হারের ক্ষোভে খুলে নেওয়া হলো আলো। এই ঘটনাটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

টোঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে এই বিজলিবাতি লাগানো হয়েছিল। রনোলি গ্রাম পঞ্চায়েতের অধীন কুমহারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বিদ্যুতের খুঁটি থাকলেও কোনো আলো ছিল না। নির্বাচনের আগে সেখানে অন্তত ৫০টি এলইডি সড়ক বাতি লাগানো হয়। ওই পঞ্চায়েত যে বিধানসভার অন্তর্গত, সেখানকার বিধায়ক বিজেপির রামসেবক বর্মা। বিজেপির সেই নেতার ঘনিষ্ঠ অলোক শর্মা। অলোকের স্ত্রী প্রিয়াঙ্কা বিজেপির টিকিটে পিপলু পঞ্চায়েত সমিতির ভোটে এবার প্রার্থী হয়েছিলেন।

প্রিয়াঙ্কা ভেবেছিলেন সহজেই জিতে যাবেন। কিন্তু গ্রামীণ রাজস্থানের জনমত যে এভাবে বিজেপির বিরুদ্ধে যাবে, তা তিনি কল্পনা করেননি। কংগ্রেসপ্রার্থীর কাছে হেরে যাওয়ার পরপরই দেখা যায়, স্থানীয় বিদ্যুৎ দপ্তরের ‘ফল্ট রিপেয়ার’ দলের কর্মীরা গাড়ি নিয়ে কুমহারন কি ধানি গ্রামে এলেন। একটার পর একটা খুঁটিতে উঠে খুলতে লাগলেন বিজলিবাতি। ১০টি খুঁটি থেকে আলো খুলে নেওয়ার পর সরকারি কর্মীরা গ্রামবাসীদের তীব্র বাধার মুখে পড়েন। ফলে বাকি ৪০টি খুঁটির বাতি খোলা সম্ভব হয়নি।

এরপর এই ঘটনার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের নির্বাহী প্রকৌশলী এডি আর মীনা গণমাধ্যমকে বলেন, “তাঁদের কর্মীরা বাতি মেরামত করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, অনুমোদনহীন ও বেআইনিভাবে সংযোগের মাধ্যমে আলো জ্বালানো হয়েছে। তখন তাঁরা তা খুলতে থাকেন। কে ওইভাবে আলো লাগিয়েছিলেন, বিদ্যুৎ–সংযোগের চরিত্রই–বা কী ছিল, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে বিদ্যুৎ বিভাগের এই দাবি মানতে রাজি নন গ্রামবাসী। তাঁদের দাবি, খুঁটিতে বাতি লাগানোর কাজ হয়েছিল রাজনৈতিক দলের তদারকিতে। দলের নির্দেশেই বিদ্যুৎ বিভাগ বাতি লাগিয়েছিল এবং বিদ্যুৎ-সংযোগও তারাই দিয়েছিল। ভোটের অনেক দিন আগেই বাতি লাগানো ও জ্বালানো হয়েছে। গ্রামবাসীদের প্রশ্ন, বিষয়টি বেআইনি হলে বিদ্যুৎ বিভাগ এত দিন কেন তা দেখেনি? কেন ভোটে শাসক দলের প্রার্থীর হারের পর এই তৎপরতা শুরু হলো?

বিজেপির স্থানীয় বিধায়ক রামসেবক বর্মা অবশ্য এই ঘটনায় রাজনীতির প্রভাব দেখার কথা অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, “বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার হারের সঙ্গে বাতি খোলার কোনো সম্পর্কই নেই।”

রামসেবক স্বীকার করেন, দীপাবলির আগে প্রিয়াঙ্কার উদ্যোগেই বাতিগুলো লাগানো হয়েছিল। তবে তাঁর হারার সঙ্গে বাতি খুলে নেওয়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

প্রিয়াঙ্কার স্বামী আরও জানান, বিদ্যুতের বিল পরিশোধের বিষয়টি এত দিন ধরে ঝুলে ছিল। কারা বিল মেটাবে সেটা ঠিক হয়নি। শোনা যাচ্ছে, নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান বিল মেটাতে রাজি হয়েছেন। তাঁদের আশ্বাসের ফলে বাকি খুঁটিগুলো থেকে বাতি খোলা হয়নি।

বিজেপিশাসিত রাজ্যে এমন ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। কোথাও আলো লাগিয়ে খুলে নেওয়া হচ্ছে তো কোথাও সব কিছু থাকলেও রাস্তা নিষ্প্রদীপ। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজ্য গুজরাটে গিয়েছিলেন ‘রাষ্ট্রীয় একতা দিবসের’ অনুষ্ঠানে যোগ দিতে।

অনুষ্ঠান শেষে বরোদা থেকে সড়ক পথে ফেরার সময় মোদি দেখেন, এক এলাকায় কোনো আলোই নেই। দেখা যায়, পর পর ১৪টি স্ট্রিটলাইট খারাপ। ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর নির্দেশে এরপর ডাভোই পৌরসভার আলো বিভাগের কর্তাকে কর্তব্যে গাফিলতির দরুন সাময়িক বরখাস্ত করা হয়।