ভারতের রাজস্থান রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপিকে পরাজিত করে এক বিশাল জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। মাত্র দেড় মাসের ব্যবধানে রাজ্য রাজনীতির এই নাটকীয় পরিবর্তন শাসক বিজেপির জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে কংগ্রেস শিবিরে বইছে আনন্দের জোয়ার। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজস্থানের শহরাঞ্চলের পৌরসভা নির্বাচনে বিজেপি তাদের জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছিল। তবে তার দেড় মাসের মধ্যেই গ্রামাঞ্চলে কংগ্রেসের এই আধিপত্য মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলের জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
রাজ্যের মোট ৪১টি জেলা পরিষদের মধ্যে ৩৭টির ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২৫টি জেলা পরিষদে জয়লাভ করেছে কংগ্রেস, ফলে সেখানেই তারা বোর্ড গঠন করবে। বিপরীতে বিজেপি পেয়েছে মাত্র ৯টি জেলা পরিষদ। একটি জেলা পরিষদ স্বতন্ত্র প্রার্থীর দখলে গিয়েছে এবং বাকি দুটিতে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও চিত্রটি একই রকম। মোট ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টিতে জয়ী হয়ে বোর্ড গঠন করবে কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র ৭৩টিতে। বাকি ৬৩টিতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেখানে মিলিজুলি বোর্ড গঠিত হবে।
সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, ৩৭টি জেলা পরিষদের মোট আসনের মধ্যে কংগ্রেস ৭৯৪টি এবং বিজেপি ৩৫৭টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতিগুলোর ক্ষেত্রে কংগ্রেস ৩ হাজার ৭৫৮টি এবং বিজেপি ২ হাজার ২১৩টি আসন জিতেছে।
গত শুক্রবার রাতে ফলাফল প্রকাশের পরপরই রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সরকারের পদত্যাগের দাবি জানান। জয়পুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা জনগণের আস্থা হারিয়েছেন।”
গোবিন্দ সিং আরও বলেন, “এই ফলের বার্তা একটাই, তিন বছর বয়স হওয়ার আগেই সরকারের ওপর থেকে রাজ্যের মানুষের সব আশা–ভরসা চলে গেছে। জনগণ বুঝেছে, বিজেপিকে ভরসা করা ভুল হয়েছিল। শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ যে কী প্রবল, এই ফল তারই প্রমাণ।”
কংগ্রেস রাজ্য সভাপতি অভিযোগ করেন, শহরাঞ্চলের পৌরসভা নির্বাচনে বিজেপি পুলিশ ও প্রশাসনের প্রভাব খাটিয়ে জিতেছিল, কিন্তু গ্রামের মানুষ তাদের প্রত্যাখ্যান করে তা প্রমাণ করে দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল জাতি, জাট ও গুর্জর সম্প্রদায়ের সমর্থন ধরে রাখার পাশাপাশি কংগ্রেস তাদের পরিধি আরও বাড়াতে সক্ষম হয়েছে। একইসঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজপুতদের ভোটব্যাঙ্কেও প্রভাব বিস্তার করেছে কংগ্রেস। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতিটি কংগ্রেস ছিনিয়ে নিয়েছে।
এই নির্বাচনে জেতার জন্য বিজেপি সর্বোচ্চ চেষ্টা করেছিল। তিন কেন্দ্রীয় মন্ত্রী— গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনলাল মেঘাওয়াল ও ভূপেন্দ্র যাদব যথাক্রমে জোধপুর, বিকানির ও আলওয়ার জেলায় ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, এই তিনটি জেলাই কংগ্রেসের দখলে গিয়েছে এবং বিজেপির রাজ্যস্তরের অধিকাংশ হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গত রাতে ‘এক্স’ হ্যান্ডেলে এক বিবৃতিতে বলেন, “বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় রাজস্থানের মানুষ তিক্তবিরক্ত। এই ভোটের ফল তারই প্রমাণ।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের গ্রামীণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “কংগ্রেস ১০০ দিনের কাজের প্রকল্প এনেছিল সাধারণ গরিব মানুষদের সুরাহার জন্য। বিজেপি সেটা তুলে দিয়ে তাদের মতো করে যে প্রকল্প এনেছে এবং তাতে যেসব শর্ত জুড়ে দিয়েছে, এই ভোট বুঝিয়ে দিল মানুষ তা প্রত্যাখ্যান করছে।”
রাহুল গান্ধীর দাবি, কৃষি খাতের অসহায় মানুষের দিকে বিজেপির কোনো নজর নেই। মূল্যবৃদ্ধি লাগামহীন এবং বেকারত্বের হার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রোজগারের আশায় মানুষ গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে, কিন্তু সেখানেও তারা বিপদের মুখে পড়ছে। তাঁর মতে, এই ভোট মূলত শাসক বিজেপির প্রতি মানুষের চরম অনাস্থার বহিঃপ্রকাশ।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান নেতা আশুতোষ রাঙ্কা, যিনি রাজস্থানের একজন তরুণ নেতা, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আদায়ের লক্ষ্যে ‘স্কুল ঠিক করো’ স্লোগানের আওতায় দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলেন। রাজস্থানে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যেখানে বিজেপি তাঁদের প্রবলভাবে বাধা দিয়েছিল এবং মারধরের ঘটনাও ঘটেছিল।
পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর আশুতোষ বলেন, “সরকারের সাফল্য প্রচারের ঢক্কা নিনাদে রাজস্থানের মানুষ কতটা বিরক্ত, তা বোঝা গেল। মানুষের সমস্যা মিটছে না। উল্টে হিংসা বেড়ে যাচ্ছে। শিক্ষিতদের পাশাপাশি অল্প শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তরুণ সমাজ ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। এই ভোটের ফলে তারই প্রতিফলন দেখা গেছে।”
তবে এই ফলাফলের পর রাজ্য বিজেপি নেতৃত্ব কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এবং এসআইআর নিয়ে কংগ্রেসের দাবির কথা মনে করিয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর বিরোধীদের আক্রমণ করেন।
রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে মদন রাঠোর প্রশ্ন করেন, এবার তিনি কী বলবেন? তিনি জানতে চান, রাহুল গান্ধী কি আবারও ভোটচুরির অভিযোগ করবেন, ইভিএমকে দায় দেবেন নাকি এসআইআরের সমালোচনা করবেন? তিনি বলেন, “কংগ্রেসের মুশকিল এটাই। জিতলে সব ঠিক আছে, হারলে বলে নির্বাচন কমিশন ভোটচুরি করছে, ইভিএমে কারচুপি করা হয়েছে।”