পর্দার দুনিয়ায় এবার ফিরছে বহুল আলোচিত চরিত্র ফাটাকেষ্ট। তবে এবার সে আসছে এক জীবনমুখী সিনেমার মাধ্যমে, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে দেশপ্রেমিক ফাটাকেষ্টকে। গল্পের শুরু হবে তার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ দিয়ে, যা একসময় তার পুরো জীবনকেই বদলে দেবে।
সিনেমার কাহিনীতে দেখা যাবে, দেশের চারপাশের অরাজকতা এবং লাগামহীন দুর্নীতি ফাটাকেষ্টকে মানসিকভাবে অস্থির করে তোলে। দেশ ও দশের কথা ভেবে দিশাহারা হয়ে সে এক চরম সিদ্ধান্ত নেয়। সে চায় মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে, যাতে সে দেশের পরিস্থিতি সামলাতে পারে।
ক্ষমতার মসনদে বসার পর প্রথম কয়েকদিন সে সবকিছু গুছিয়ে নিতে সক্ষম হলেও, খুব দ্রুতই তার চালচলন ও জীবনযাত্রায় পরিবর্তন আসতে শুরু করে। দামি পোশাক, স্টাইলিশ সানগ্লাস এবং বিশাল গাড়িবহর—সব মিলিয়ে এক আমূল বদলে যাওয়া জীবন শুরু হয় নায়কের।
তার এই পরিবর্তনের এক মজার উদাহরণ হিসেবে দেখানো হবে যে, আগে যেখানে সে সাধারণ নীলা মার্কেটে হাঁস খেতে যেত, মন্ত্রিত্ব পাওয়ার পর তার কাছে পাঁচ তারকা হোটেলের হাঁস বেশি প্রিয় হয়ে ওঠে।
গল্পের মোড় যত ঘুরবে, দর্শক ততই বুঝতে পারবেন যে ফাটাকেষ্ট এখন দেশ ও দশের চেয়ে দেশ-দশের টাকা এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনকেই বেশি ভালোবাসতে শুরু করেছে। এভাবেই একজন সাধারণ দেশপ্রেমিক থেকে সে হয়ে উঠবে এক 'আল্ট্রা প্রো দেশপ্রেমিক', যে তার কর্মকাণ্ড দিয়ে দেশের আমূল পরিবর্তন ঘটিয়ে পুরো পরিস্থিতিকে এক অদ্ভুত ঝাকানাকা অবস্থায় নিয়ে যাবে।
উল্লেখ্য যে, এই সিনেমাটি নির্মাণ করতে অর্থ সহযোগিতার প্রয়োজন। নির্মাতারা অনুরোধ জানিয়েছেন, যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে। তাদের বিশ্বাস, এমন সিনেমার মাধ্যমেই রাজনীতির মাঠে থাকা আসল দুর্নীতিবাজ—থুক্কু আসল দেশপ্রেমিকদের দেশের প্রতি প্রকৃত ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।