রাজনীতি এখন সর্বগ্রাসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেছেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে অস্থিতিশীলতা তৈরি হবে এবং আগুন জ্বলবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের একটি প্রকাশনা অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছিল এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি নন, গ্রামপর্যায়ের একজন রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।"

রাজনীতিবিদদের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন, আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি। তবে তিনি আক্ষেপ করে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা দিক থেকে বঞ্চিত। রাজনীতিবিদদের এই প্রবণতা থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

গণতন্ত্র ও নির্বাচনের গুরুত্বের কথা উল্লেখ করে স্পিকার বলেন, "এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে।" তিনি আরও বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন, তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে। অতীতের অভিজ্ঞতার কথা মনে করে তিনি বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। এছাড়া নির্বাচনে অর্থের প্রভাব কমাতে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশের সীমাবদ্ধতা নিয়ে স্পিকার বলেন, অনেক সংসদ সদস্য মনের কথা বলতে পারেন না। তাঁরা ভাবেন, কথা বললে দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসব চিন্তায় তাঁরা সংকুচিত থাকেন।

নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর পক্ষে মত দেন। তিনি বলেন, এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ককাসকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, ককাসের সদস্যদের শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, সুষ্ঠু নির্বাচন ও তাঁদের রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরিতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে এবং এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করাকে আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে বর্ণনা করেন স্পিকার। তিনি মনে করেন, ককাসের সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানেন। কিন্তু একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে সমস্যাগুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।

চিফ হুইপ আরও বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, "পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবাইকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে ভালো থাকা সম্ভব নয়।"

সমাজের চিন্তা ও আচরণে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাই সমস্যা নয়, চিন্তা-চেতনা ও মানসিকতার দিক থেকেও অনেক পিছিয়ে আছি। অন্যকে ঠকিয়ে নিজে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। তিনি ককাসের সদস্যদের উদ্দেশে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যদের কাছে তাঁদের প্রত্যাশা অনেক। তাঁরা পিছিয়ে পড়া মানুষের জন্য আইন প্রণয়ন করবেন। কোনো সমস্যা তৈরি হলে তা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন। তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। মাহবুব উদ্দিন খোকন বলেন, "সংসদ সদস্যরা যদি শপথ নেন যে নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে।" তিনি মনে করেন, শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব।

সম্মানিত অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম। তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।