মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের গলায় ঝলমল করছিল এক অসাধারণ হীরার হার। এক পলক দেখলেই যে কারও চোখ আটকে যাওয়ার মতো সেই গয়নাটি সাধারণ কোনো অলঙ্কার নয়, এর ওজন ১৮৬ ক্যারেট। বাজারমূল্যে যার দাম প্রায় ১৪৫ কোটি টাকা। এত দামি গয়নার নিরাপত্তা নিশ্চিত করতে চারজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা।

গত বৃহস্পতিবার রাতে তাঁর কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ার অনুষ্ঠানে এই চোখধাঁধানো সাজে উপস্থিত হন লোপেজ। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা রাজকীয় পোশাকে তাঁকে দেখাচ্ছিল। তিনি পরেছিলেন শ্যান্টিলি লেসের একটি গাউন এবং সাথে ছিল সাটিনের শাল-কোট। তবে পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সেই ১৮৬ ক্যারেটের হীরার হারটি।

‘সিসিলিয়া’ নামের এই হারটির প্রধান আকর্ষণ হলো এর মাঝখানে থাকা ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির একটি হীরা। গয়নাটির আকাশচুম্বী মূল্যের কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখাটাই ছিল স্বাভাবিক। প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনকে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ বলেন, “হারটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সবাই শুধু হারটির দিকে নজর রাখছেন।”

পোশাক ও গয়না নির্বাচনের বিষয়ে জানান, গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে পারফর্ম করার সময় প্রথম তাঁর নজরে পড়েছিল এই গাউন, কোট ও হারটি। সেই অভিজ্ঞতা বর্ণনা করে লোপেজ বলেন, “সেখানে গিয়ে হারটি দেখলাম, কোটটিও দেখলাম। আমার খুব ভালো লেগে গেল। আমি বললাম, এগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। তারা জানাল, প্রিমিয়ারের জন্য এগুলো আমার কাছে পাঠিয়ে দেবে। কোটটি আমাকে উপহার দিয়েছে আর হারটি পাঠিয়েছে আজকের রাতের জন্য।”

তবে এত মূল্যবান হারটি নিজের সংগ্রহে রাখার কোনো পরিকল্পনা নেই এই তারকার। গয়নার সৌন্দর্য ও দাম নিয়ে কথা বলতে গিয়ে হেসে তিনি বলেন, “এটি ভীষণ দামি হার। অসাধারণ সুন্দর। শেষ পর্যন্ত যিনি এর মালিক হবেন, তিনি সত্যিই ভাগ্যবান। এটি এমন গয়না, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়।”

‘দ্য জে-লো শো’ কেবল জেনিফার লোপেজের জনপ্রিয় গানগুলোর সংকলন নয়, বরং লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এই কনসার্ট চলচ্চিত্রে তাঁর জীবনের গল্পও উঠে এসেছে। ব্রঙ্কসে শৈশব থেকে শুরু করে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার যাত্রার ছাপ রয়েছে এতে। নিজের ক্যারিয়ারের এই বিশেষ অধ্যায় সম্পর্কে তিনি বলেন, “আমি এখন পরবর্তী অ্যালবাম নিয়ে কাজ করছি। অনেক গান তৈরি করছি। জীবনও উপভোগ করছি। আমার মনে হয়, এই শো আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমার জীবনের একটি বিশেষ সময়কে চিহ্নিত করছে। এত দিন যা করেছি, তার সবকিছুর শেষে যেন একটি দাঁড়ি, বিস্ময়চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার আমরা নতুন গল্প বলতে পারব।”

জীবনের এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন লোপেজ। ব্যক্তিগত জীবনে তিনি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। চারবার বিয়ের পর প্রতিটি সম্পর্কই বিচ্ছেদে শেষ হয়েছে। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের অভিজ্ঞতার পর এখন একাই থাকতে স্বচ্ছন্দ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর তাড়না তাঁর নেই। তাঁর ভাষায়, “আমার এখন প্রেম করার প্রয়োজন নেই। আমি ভালো আছি, সুখে আছি। এই ভালো থাকাটা নষ্ট করতে চাই না।”

প্রেম ও ভালোবাসা সম্পর্কে নিজের পুরোনো ধারণা নিয়েও নতুন করে ভাবছেন তিনি। লোপেজের কথায়, “গত ২০ বছরে অনেক কিছু শিখেছি। বিশেষ করে গত কয়েক বছর নিজের সম্পর্কে আরও সচেতন হওয়ার এবং ভালোবাসা আসলে কী, তা বোঝার সময় ছিল। ছোটবেলায় ভালোবাসা নিয়ে আমার একটা ধারণা ছিল। জীবনের এত উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে যেতে বুঝেছি, যেটাকে ভালোবাসা মনে করতাম, সব সময় তা ভালোবাসা ছিল না।”

ব্যক্তিগত জীবনের আরেকটি বড় পরিবর্তন হলো সন্তানদের বাড়ি ছেড়ে কলেজে যাওয়া। সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর যমজ সন্তান এমে ও ম্যাক্স এখন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সন্তানদের অনুপস্থিতিতে বাড়িতে এক ধরনের শূন্যতা অনুভব করেন তিনি। লোপেজ বলেন, “বাড়িতে ঢুকলেই বিষয়টি টের পাওয়া যায়। ওদের ঘরগুলো আগের মতোই রেখেছি। দরজা বন্ধ করি না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের জিনিসপত্র দেখি। কখনো কখনো ঘরে ঢুকেও বসি।”

সন্তানদের কথা মনে করে প্রায়ই কেঁদে ফেলেন এই তারকা। তিনি বলেন, “ওরা আমার সত্তারই অংশ। আমার যমজ সন্তান দুজনই আমার সবকিছু। সবচেয়ে কঠিন বিষয় হলো, দুজন একই সময়ে বাড়ি ছেড়ে গেছে।” তবে দূরত্বের মাঝেও নিয়মিত ফোন ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখছেন তিনি। লোপেজের মতে, সন্তানদের জন্যও এটি জীবনের নতুন এক অভিজ্ঞতা, যার ফলে তারা মায়ের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে বুঝতে পারছে।

নতুন অ্যালবামের কাজ এবং ক্যারিয়ারের পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যস্ত জেনিফার লোপেজের কাছে ‘দ্য জে-লো শো’ যেন পুরোনো অধ্যায়ের সমাপ্তি এবং নতুন শুরুর সংকেত। ‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণটি দেখা যাবে শুধুমাত্র প্যারামাউন্ট প্লাসে।