মধ্যযুগের ইসলামি ইতিহাসে এমন এক রহস্যময় ও ভয়ংকর গুপ্তগোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল, যাদের নাম উচ্চারিত হলেই বাগদাদের আব্বাসীয় খলিফা থেকে শুরু করে প্রবল পরাক্রমশালী সেলজুক সুলতান, এমনকি ইউরোপের ক্রুসেডার শাসকদের প্রাসাদেও আতঙ্কের শীতল স্রোত বয়ে যেত।

দুর্গম পাহাড়ের চূড়ায় সুরক্ষিত দুর্গে বসে তারা পরিচালনা করত এক অদৃশ্য ছায়াযুদ্ধ। প্রকাশ্য রণক্ষেত্রের বদলে ছদ্মবেশে অতর্কিত ও নিখুঁত গুপ্তহত্যাই ছিল তাদের প্রধান রাজনৈতিক অস্ত্র।

ইতিহাসের পাতায় এই দুর্ধর্ষ গোষ্ঠীটি পরিচিত ‘হাশাশিন’ নামে—যে নাম থেকেই ইউরোপীয় ক্রুসেডারদের হাত ধরে পরবর্তী সময়ে ইংরেজি ‘অ্যাসাসিন’ (গুপ্তঘাতক) শব্দটির জন্ম হয়েছে। (ফারহাদ দফতরি, দ্য অ্যাসাসিন লিজেন্ডস: মিথস অব দ্য ইসমাইলিস, আই. বি. টরিস, লন্ডন, ১৯৯৪)

ইসলামের ইতিহাসে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব ও ধর্মীয় মতভেদের জটিল সমীকরণ থেকে এই গোষ্ঠীর জন্ম হয়েছিল। প্রায় দেড় শতাব্দী ধরে পারস্য ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করার পর মঙ্গোল সেনাপতি হালাকু খান ও মামলুক সুলতান বাইবার্সের চূড়ান্ত আঘাতে তাদের রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটে।

হাসান আস-সাব্বাহ জীবনের বাকি ৩৫ বছর আর কখনোই এই দুর্গের বাইরে পা রাখেননি; ভেতরে বসেই বই পড়া, চিঠিপত্র লেখা আর গুপ্তহত্যার নীলনকশা তৈরি করে পারস্যের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করতেন।

হাশাশিনদের শিকড় প্রোথিত রয়েছে শিয়া ইসমাইলি আন্দোলনের ইতিহাসে। ১৪৮ হিজরিতে (৭৬৫ খ্রিষ্টাব্দ) ইমাম জাফর আস-সাদিকের ইন্তেকালের পর তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে অনুসারীদের মধ্যে তীব্র মতভেদ ও বিভাজন দেখা দেয়।

এই বিভক্তির সূত্র ধরেই জন্ম নেয় ইসমাইলি ধারার।

আব্বাসীয় খেলাফতকে অবৈধ দখলদার আখ্যা দিয়ে তারা গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করে এবং তৃতীয় হিজরি শতক নাগাদ ইরাক, পারস্য ও ইয়েমেনে ব্যাপক প্রভাব বিস্তার করে।

এরই চূড়ান্ত সাফল্য হিসেবে ২৯৭ হিজরিতে (৯০৯ খ্রিষ্টাব্দ) উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত হয় ফাতেমীয় খেলাফত, যা পরে ৩৫৮ হিজরিতে (৯৬৯ খ্রি.) মিসর জয় করে কায়রোকে শিয়া শক্তির প্রধান কেন্দ্রে পরিণত করে। (ফারহাদ দফতরি, দ্য ইসমাইলিস: দেয়ার হিস্ট্রি অ্যান্ড ডকট্রিনস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ১৯৯০)

ফাতেমীয়দের এই উত্থান সুন্নি আব্বাসীয় খেলাফত ও সেলজুক সালতানাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে ফাতেমীয় সাম্রাজ্যের ভেতরেই ক্ষমতার দ্বন্দ্ব এক নতুন বিস্ফোরণ ঘটায়।

৪৮৭ হিজরিতে (১০৯৪ খ্রি.) ফাতেমীয় খলিফা আল-মুসতানসির বিল্লাহর মৃত্যুর পর তৎকালীন প্রবল ক্ষমতাবান উজির আল-আফদাল আল-জামালি খলিফার জ্যেষ্ঠ পুত্র ও বৈধ উত্তরাধিকারী ‘নিজার’কে বঞ্চিত করে কনিষ্ঠ পুত্র ‘আল-মুসতালি’কে সিংহাসনে বসান। এই ঘটনায় ইসমাইলি সমাজ চিরতরে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

মিসরের ইসমাইলিরা আল-মুসতালির নেতৃত্ব মেনে নিলেও পারস্যের ইসমাইলিরা নিজারের পক্ষে অবস্থান নেয়। এই ‘নিজারি ইসমাইলি’ ধারাটিই ইতিহাসে ‘হাশাশিন’ হিসেবে আত্মপ্রকাশ করে। (ইবনুল আসির, আল-কামিল ফিত-তারিখ, ৪৮৭ হিজরির ঘটনাবলি)

এই গোষ্ঠীর স্থপতি ছিলেন পারস্যের এক মেধাবী অথচ রহস্যময় ব্যক্তিত্ব—হাসান আস-সাব্বাহ। ৪৩০ হিজরির (১০৩৯ খ্রি.) দিকে ইরানের রায় অথবা কুম শহরে তাঁর জন্ম হয়।

মাত্র ১৭ বছর বয়সে তিনি ইসমাইলি মতবাদে দীক্ষিত হন এবং পরে কায়রোয় গিয়ে ফাতেমীয় দরবারে উপস্থিত হন। সেখানে ১৮ মাস অবস্থানকালে তিনি যুবরাজ নিজারের প্রতি নিঃশর্ত আনুগত্যের শপথ নেন।

কায়রোর দরবারি ষড়যন্ত্রের মুখে মিসর ত্যাগ করে তিনি ইরানে ফিরে আসেন এবং সেলজুক সাম্রাজ্যের বিরুদ্ধে গোপন প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা আঁটেন। (আতা-মালিক জুভাইনি, তারিখ-ই-জাহাঙ্গুশায়, খ. ৩)

সেলজুকদের প্রবল প্রতাপশালী উজির নিজামুল মুলকের গুপ্তচরদের চোখ ফাঁকি দিয়ে হাসান আস-সাব্বাহ নয় বছর ধরে পারস্যের মরুভূমি ও পাহাড়ি অঞ্চল চষে বেড়ান। তাঁর লক্ষ্য ছিল এমন একটি নিরাপদ ও দুর্ভেদ্য ঘাঁটি খুঁজে বের করা, যেখান থেকে সেলজুকদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াই চালানো সম্ভব।

অবশেষে ফাতেমীয় খলিফার মৃত্যুর কয়েক বছর আগেই, ৪৮৩ হিজরিতে (১০৯০ খ্রি.) কাস্পিয়ান সাগরের দক্ষিণ-পশ্চিমে এলবুর্জ পর্বতমালার সুউচ্চ ও দুর্গম চূড়ায় অবস্থিত ‘আলামুত’ দুর্গটি তাঁর নজরে আসে। স্থানীয় ভাষায় ‘আলামুত’ শব্দের অর্থ ‘ইগলের বাসা’।

পাহাড়ের খাঁজে নির্মিত এই দুর্গে প্রবেশের পথ ছিল মাত্র একটি, যা সামান্য কয়েকজন প্রহরীর পক্ষেও রক্ষা করা সম্ভব ছিল।

হাসান আস-সাব্বাহ কোনো রক্তপাত ছাড়াই অত্যন্ত চতুরতার সঙ্গে দুর্গটি দখল করেছিলেন। তিনি প্রথমে এক দরবেশ ও তাপসের বেশ ধরে দুর্গের আশপাশের মানুষের মন জয় করেন এবং গোপনে নিজের মতবাদ প্রচার করেন।

দুর্গের তৎকালীন শাসক হাসানকে একজন সাধারণ পরহেজগার মানুষ ভেবে শ্রদ্ধা করতেন। কিন্তু ভেতরে-ভেতরে দুর্গের অধিকাংশ সৈন্য ও অধিবাসীকে নিজের অনুসারী বানিয়ে ফেলার পর একদিন হাসান সরাসরি শাসকের সামনে গিয়ে দুর্গ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

শাসক প্রথমে বিষয়টিকে রসিকতা ভাবলেও চারপাশের পরিস্থিতি দেখে নিজের অসহায়ত্ব বুঝতে পারেন এবং হাসানের দেওয়া অর্থ নিয়ে নিঃশব্দে দুর্গ ত্যাগ করেন। (ইবনুল আসির, আল-কামিল ফিত-তারিখ, ১০/১৮৩-১৮৫, দারু সাদির, বৈরুত, ১৯৬৬)

আলামুত দখলের পর হাসান আস-সাব্বাহ জীবনের বাকি ৩৫ বছর আর কখনোই এই দুর্গের বাইরে পা রাখেননি; ভেতরে বসেই বই পড়া, চিঠিপত্র লেখা আর গুপ্তহত্যার নীলনকশা তৈরি করে পারস্যের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করতেন।

ঘাতকেরা ছদ্মবেশে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর শত্রুর দরবারে চাকর, বণিক বা সুফি সাধকের বেশে মিশে থাকত এবং সুযোগ পাওয়ামাত্রই ভরা মজলিশে বিষমাখানো ছুরির আঘাতে লক্ষ্যবস্তুকে হত্যা করত।

ইসমাইলিদের এই শাখাটি ‘বাতিনিয়্যাহ’ নামেও পরিচিত ছিল; কারণ তারা দাবি করত কোরআনের বাহ্যিক অর্থের আড়ালে এমন কিছু গোপন বা বাতিনি সংকেত রয়েছে, যা শুধু তাদের বিশেষ নেতারাই বুঝতে পারেন এবং যাঁরা এই রহস্য জানেন, তাঁদের জন্য শরিয়তের সাধারণ বিধিবিধান শিথিল হয়ে যায়।

অন্যদিকে তাদের ‘হাশাশিন’ নামকরণের পেছনে একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। জনপ্রিয় লোককথা ও ভেনিসীয় পর্যটক মার্কো পোলোর ভ্রমণবৃত্তান্ত অনুযায়ী, আত্মঘাতী অভিযানে যাওয়ার আগে ভয় দূর করতে এবং কাল্পনিক বেহেশতে আবেশ তৈরি করতে তাদের ‘হাশিশ’ নামক মাদক সেবন করানো হতো।

তবে আধুনিক ইতিহাসবিদদের মতে, ‘হাশাশিন’ শব্দটি মূলত প্রতিপক্ষের দেওয়া একটি অবমাননাকর উপাধি ছিল—যার মাধ্যমে তাদের ‘নিম্নশ্রেণির’ বা ‘সমাজচ্যুত’ বোঝানো হতো; বাস্তবে কঠোর শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষাকারী গুপ্তঘাতকেরা নেশাগ্রস্ত অবস্থায় নিখুঁত অভিযান পরিচালনা করত না। (বার্নার্ড লুইস, দ্য অ্যাসাসিনস: আ র‍্যাডিক্যাল সেক্ট ইন ইসলাম, ওয়েইডেনফেল্ড অ্যান্ড নিকলসন, লন্ডন, ১৯৬৭)

প্রকাশ্য যুদ্ধে সেলজুকদের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করা অসম্ভব জেনে হাসান আস-সাব্বাহ বেছে নেন ‘ফিদায়ি’ বা আত্মঘাতী গুপ্তঘাতক বাহিনী। এই ঘাতকেরা ছদ্মবেশে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর শত্রুর দরবারে চাকর, বণিক বা সুফি সাধকের বেশে মিশে থাকত এবং সুযোগ পাওয়ামাত্রই ভরা মজলিশে বিষমাখানো ছুরির আঘাতে লক্ষ্যবস্তুকে হত্যা করত।

তাদের প্রথম ও সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী শিকার ছিলেন সেলজুক সাম্রাজ্যের প্রধান স্থপতি ও উজির নিজামুল মুলক তুসি, যাঁকে ৪৮৫ হিজরিতে (১০৯২ খ্রি.) নির্মমভাবে হত্যা করা হয়। (ইবনুল আসির, আল-কামিল ফিত-তারিখ, ৪৮৫ হিজরির ঘটনাবলি)

৫১৮ হিজরিতে (১১২৪ খ্রি.) হাসান আস-সাব্বাহর মৃত্যুর পরও কিয়া বুজুর্গ-উম্মিদের নেতৃত্বে এই গুপ্তহত্যার ধারা অব্যাহত থাকে।

পারস্যের গণ্ডি পেরিয়ে ৪৯৮ হিজরিতে (১১০৫ খ্রি.) হাশাশিনরা সিরিয়া বা শাম অঞ্চলে তাদের ডালপালা বিস্তার করতে শুরু করে। আলেপ্পোর শাসক রিদওয়ানের সঙ্গে মিত্রতা গড়ে তুলে তারা সেখানে প্রচারকেন্দ্র স্থাপন করে।

পরে দামেস্কের শাসক তাজুল মুলুক বুরির শাসনামলে বাতিনিপন্থী উজির আল-মাজদাকানির প্রশ্রয়ে তারা দামেস্কে শক্তিশালী হয়ে ওঠে।

ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা জুমার নামাজের সময় দামেস্ক শহরটি ক্রুসেডার বাহিনীর হাতে তুলে দেওয়ার এক ভয়ংকর ষড়যন্ত্র করে—যার বিনিময়ে ক্রুসেডাররা তাদের ‘সুর’ (টায়ার) শহরটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু সময়মতো খবর পেয়ে আমির বুরি বিশ্বাসঘাতক উজিরকে মৃত্যুদণ্ড দেন এবং ৫২৩ হিজরির (১১২৯ খ্রি.) রমজান মাসে দামেস্কের জনগণ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ছয় হাজার বাতিনি অনুসারী নিহত হয়। (ইবনুল কালানিসি, জাইলু তারিখি দিমাশক, ৫২৩ হিজরির ঘটনাবলি)

দামেস্কে বড় ধাক্কা খেলেও সিরিয়ায় হাশাশিনদের অধ্যায় তখনই শেষ হয়ে যায়নি। বরং এর কয়েক দশক পর উত্তর সিরিয়ার দুর্গম পাহাড়ি ‘মাসইয়াফ’ দুর্গকে কেন্দ্র করে তারা নতুন করে ভয়ংকর হয়ে ওঠে।

এ সময় তাদের নেতা ছিলেন রশিদউদ্দিন সিনান, যিনি ক্রুসেডারদের কাছে ‘ওল্ড ম্যান অব দ্য মাউন্টেন’ (শাইখুল জাবাল) নামে পরিচিত ছিলেন।

৫৭০ হিজরিতে (১১৭৫ খ্রি.) জার্মান সম্রাট ফ্রেডরিক বারবারোসার দূত বুর্খার্ড অব স্ট্রাসবার্গ তাঁর প্রতিবেদনে লিখেছিলেন, ‘পাহাড়ের চূড়ায় তাদের এমন এক রহস্যময় নেতা আছেন, যিনি নিকটবর্তী ও দূরবর্তী সব আরব আমির এবং প্রতিবেশী খ্রিষ্টান শাসকদের হৃদয়ে চরম আতঙ্ক ছড়িয়ে রেখেছেন; কারণ তিনি অত্যন্ত বিস্ময়কর ও অপ্রত্যাশিত উপায়ে শত্রুদের হত্যা করে থাকেন।’ (ফারহাদ দফতরি, দ্য অ্যাসাসিন লিজেন্ডস, ১৯৯৪)

সিনানের নেতৃত্বে হাশাশিনরা মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবিকেও দুবার হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং ১১৯২ খ্রিষ্টাব্দে জেরুজালেমের মনোনীত ক্রুসেডার রাজা কনরাড অব মন্টফেরাতকে প্রকাশ্যে হত্যা করে গোটা ইউরোপে তোলপাড় সৃষ্টি করে। (বার্নার্ড লুইস, দ্য অ্যাসাসিনস, ১৯৬৭)

হালাকু খানের কঠোর হুঁশিয়ারির মুখে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং কিছুদিনের মধ্যেই পতন ঘটে দেড় শ বছরের অপরাজেয় আলামুত দুর্গের। মঙ্গোল সম্রাট মংকে খানের দরবারে যাওয়ার পথে খুরশাহ ও তাঁর সঙ্গীদের হত্যা করা হয়।

তেরো শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলদের প্রথম অভিযানের সময় হাশাশিনরা নিজেদের অস্তিত্ব রক্ষায় মঙ্গোলদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেছিল।

এমনকি তাদের চিরশত্রু খাওয়ারিজম শাহি সাম্রাজ্য ধ্বংস করতে তারা মঙ্গোলদের প্ররোচিতও করেছিল। কিন্তু অচিরেই তারা বুঝতে পারে, মঙ্গোলদের ক্ষুধা সীমাহীন এবং পরবর্তী শিকার হতে যাচ্ছে আলামুত দুর্গ।

আতঙ্কিত হয়ে তারা একসময়ের শত্রু ক্রুসেডার ও প্রতিবেশী মুসলিম শাসকদের কাছে সাহায্যের হাত বাড়ালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে কাজভিন, রায় ও ইসফাহানের সাধারণ মুসলিম জনগণও হাশাশিনদের দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মঙ্গোলদের কাছে এদের নির্মূল করার আবেদন জানিয়েছিল।

৬৫৪ হিজরিতে (১২৫৬ খ্রি) মঙ্গোল সেনাপতি হালাকু খান বিশাল বাহিনী নিয়ে পারস্যের ইসমাইলি দুর্গগুলো অবরোধ করেন। হাশাশিনদের শেষ প্রধান নেতা রুকনুদ্দিন খুরশাহ মায়মুন-দিজ দুর্গে আশ্রয় নিয়েও শেষ রক্ষা করতে পারেননি।

হালাকু খানের কঠোর হুঁশিয়ারির মুখে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং কিছুদিনের মধ্যেই পতন ঘটে দেড় শ বছরের অপরাজেয় আলামুত দুর্গের। মঙ্গোল সম্রাট মংকে খানের দরবারে যাওয়ার পথে খুরশাহ ও তাঁর সঙ্গীদের হত্যা করা হয়।

এরপর হালাকু খানের নির্দেশে পারস্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা হাজার হাজার নিজারি ইসমাইলিকে হত্যা করে তাদের সামরিক ও রাজনৈতিক শক্তির মূলোৎপাটন করা হয়। (আতা-মালিক জুভাইনি, তারিখ-ই-জাহাঙ্গুশায়, খ. ৩)।

পারস্যে পতনের পর সিরিয়ার দুর্গগুলোতে তাদের অবশিষ্ট শক্তি আরও কিছুদিন টিকে ছিল।

অবশেষে ১২৭৩ খ্রিষ্টাব্দে মিসরের মামলুক সুলতান রুকনুদ্দিন বাইবার্স তাদের সব দুর্গ দখল করে নিলে হাশাশিনদের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের চূড়ান্ত অবসান ঘটে। (ফারহাদ দফতরি, দ্য ইসমাইলিস: দেয়ার হিস্ট্রি অ্যান্ড ডকট্রিনস, ১৯৯০)

পারস্য ও সিরিয়ার পাহাড় থেকে হাশাশিনদের সেই রক্তাক্ত সাম্রাজ্য চিরতরে মুছে গেলেও এই মতবাদের অনুসারীদের একটি অংশ টিকে থাকে, যাঁরা পরবর্তী সময়ে সহিংসতার পথ ত্যাগ করে শান্তিপূর্ণ বাণিজ্যিক ও সামাজিক সম্প্রদায়ে রূপান্তরিত হন—বর্তমান বিশ্বে ‘আগা খানি’ ইসমাইলি সম্প্রদায় হিসেবে যাঁদের পরিচিতি রয়েছে।

সূত্র: আল–জাজিরা অ্যারাবিক