সৌরজগতের শেষ প্রান্তে অবস্থিত প্লুটো এক সময় পূর্ণাঙ্গ গ্রহ হিসেবে পরিচিত ছিল। ১৯৩০ সালে এই রহস্যময় বস্তুটি আবিষ্কৃত হওয়ার পর দীর্ঘ ৭০ বছর ধরে গ্রহ হিসেবেই গণ্য করা হয় একে। তবে পূর্ণাঙ্গ গ্রহ হওয়ার জন্য নির্ধারিত তিনটি শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন প্লুটোকে গ্রহের তালিকা থেকে সরিয়ে 'বামন গ্রহ' বা ডোয়ার্ফ প্ল্যানেটের শ্রেণিতে অন্তর্ভুক্ত করে। যদিও বর্তমানে এটি পূর্ণাঙ্গ গ্রহ নয়, তবে প্লুটোর নামকরণের পেছনে লুকিয়ে আছে এক চমৎকার ও চমকপ্রদ ইতিহাস।
১৯৩০ সালে যখন নতুন এই গ্রহটি আবিষ্কৃত হয়, তখন জ্যোতির্বিজ্ঞানীরা এর জন্য একটি উপযুক্ত নাম খুঁজছিলেন। এই উদ্দেশ্যে অ্যারিজোনার লোয়েল অবজারভেটরিতে নাম আহ্বান করা হলে প্রায় এক হাজার প্রস্তাব জমা পড়ে। এই বিপুল সংখ্যক প্রস্তাবের ভিড়ে ছিল ভেনেশিয়া বার্নি নামের ১১ বছর বয়সী এক ব্রিটিশ স্কুলছাত্রীর দেওয়া একটি নাম। অবাক করার মতো বিষয় হলো, লোয়েল অবজারভেটরি কর্তৃপক্ষ জমা পড়া সব নাম পর্যালোচনা করে শেষ পর্যন্ত ভেনেশিয়া বার্নির প্রস্তাবিত ‘প্লুটো’ নামটিকেই চূড়ান্ত করে। এই অনন্য অবদানের জন্য বার্নিকে পাঁচ পাউন্ড পুরস্কার দেওয়া হয়েছিল।
পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ডে, যেখানে ভেনেশিয়া বার্নি তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। ১৯৩০ সালের ১৪ মার্চ সকালে বার্নি যখন তার মা এবং দাদা ফ্যালকনার ম্যাডানের সঙ্গে নাশতা করছিলেন, তখন তার দাদা নতুন একটি গ্রহ আবিষ্কারের কথা জানান। সেই নতুন গ্রহটির নাম কী হতে পারে, তা নিয়ে তিনি বেশ কৌতূহল প্রকাশ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে নাসাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেশিয়া বার্নি সেই দিনের স্মৃতিচারণা করে জানান, “ছোটদের বই পড়ার সুবাদে গ্রিক ও রোমান পুরাণ সম্পর্কে তাঁর ভালো ধারণা ছিল। সৌরজগতের অন্য গ্রহগুলোর নামও জানতেন তিনি। প্লুটো নামটি ব্যবহৃত না হওয়ায় সেটিই তখন সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল। আর তাই তিনি প্লুটো নাম প্রস্তাব করেছিলেন।”
উল্লেখ্য যে, এই নাম প্রস্তাবটি কোনো দীর্ঘ বৈজ্ঞানিক গবেষণা বা আনুষ্ঠানিক আলোচনার ফসল ছিল না; বরং একটি সাধারণ পরিবারের নাশতার টেবিলে আসা একটি সহজ চিন্তা মাত্র। তবে বার্নির দাদা এই ধারণার গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন। তিনি দ্রুত বার্নির প্রস্তাবিত নামটি অক্সফোর্ডের অধ্যাপক ও সাবেক জ্যোতির্বিজ্ঞানী রয়্যাল হার্বার্ট হল টার্নারের কাছে পৌঁছে দেন। টার্নার তখন লন্ডনে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। তিনি সেই সভায় বার্নির দেওয়া প্রস্তাবটি উপস্থাপন করেন। এরপর ১৯৩০ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে নতুন গ্রহটির নাম ‘প্লুটো’ রাখা হয়।
রোমান পুরাণে প্লুটো ছিলেন পাতালপুরীর দেবতা। সৌরজগতের একদম বাইরের প্রান্তে অবস্থিত, দূরবর্তী, অন্ধকারাচ্ছন্ন এবং রহস্যময় এই বস্তুর জন্য এই নামটি অত্যন্ত যথার্থ বলে মনে করা হয়। এর মাধ্যমে ধ্রুপদি পুরাণের সঙ্গে সম্পর্কিত নাম রাখার ঐতিহ্যও বজায় থাকে। এখানে আরও একটি আকর্ষণীয় বিষয় ছিল— প্লুটো নামের প্রথম দুটি অক্ষর ছিল পার্সিভাল লোয়েলের নামের আদ্যক্ষর। উল্লেখ্য, প্ল্যানেট এক্স নিয়ে পার্সিভাল লোয়েলের প্রাথমিক অনুসন্ধানই এই আবিষ্কারের পথ প্রশস্ত করেছিল।
আর্থস্কাইয়ের তথ্য অনুযায়ী, লোয়েল অবজারভেটরিতে আসা প্রায় এক হাজার প্রস্তাবের মধ্য থেকে শেষ পর্যন্ত বার্নির প্রস্তাবটিই নির্বাচিত হয়েছিল। এই বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার হিসেবে পাঁচ পাউন্ড পেয়েছিলেন ছোট্ট ভেনেশিয়া বার্নি।