১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো নৃশংসতা চালাচ্ছিল, তখন বিশ্বজুড়ে যে মানবতাবাদী কণ্ঠস্বরগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল, অঁন্দ্রে মালরো ছিলেন তাঁদের অন্যতম। ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও শিল্পকলা তাত্ত্বিক এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’
আগামী ২৩ নভেম্বর অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের এই অকৃত্রিম সুহৃদের প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় নিযুক্ত ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেন। উদ্বোধনী এই আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা অংশ নেন। প্রদর্শনীটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার অঁন্দ্রে মালরোর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং মুক্তিযুদ্ধে তাঁর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। মালরোর বয়স তখন ছিল ৭০ বছর। তিনি কেবল বিবৃতি দিয়েই ক্ষান্ত হননি; স্পেনের গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে সম্মুখসমরে লড়াই করা মালরো একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠন করার ঘোষণা দিয়ে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে বয়সের কারণে তাঁকে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়। তা সত্ত্বেও তিনি নিষ্ক্রিয় থাকেনি। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তিনি প্রেসিডেন্ট নিক্সনের কাছে চিঠি লিখেছিলেন এবং বিখ্যাত টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিলেন। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের চিঠির জবাবে তিনি মুক্তিযুদ্ধের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর ভূমিকা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন। যুদ্ধের পুরো সময়জুড়ে মালরো বিশ্বজনমত গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে তিনি এ দেশে আসেন। ১৯৭৬ সালের ২৩ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেডরিক ইনজা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের হয়ে মালরো যে ভূমিকা রেখেছিলেন, তা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এক দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন তৈরি করেছিল। আজ আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বাংলাদেশের সেই দুঃসময়কে কোনো দূরবর্তী রাজনৈতিক বিষয় হিসেবে ভাবেননি। বরং মানবিক মর্যাদা ও স্বাধীনতার মৌলিক প্রশ্ন হিসেবে উপলব্ধি করেছিলেন। তিনি এ দেশের মানুষের সাহস ও সহনশীলতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন।
নিজের যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে আমজাদ হোসেন বলেন, ‘আমরা তখন ছিলাম তরুণ। হানাদার সৈনিকেরা হাজার হাজার মানুষকে হত্যা করছিল। আমাদের মা-বোনদের সম্ভ্রম নষ্ট করছিল। হাজার হাজার এমন ঘটনা ঘটছিল প্রতিদিন। এটা মেনে নেওয়া কঠিন ছিল। বন্ধুদের নিয়ে আমরা রণাঙ্গনে গিয়েছিলাম। মৃত্যু আমাদের খুব কাছে ছিল। পাশাপাশি যুদ্ধের সময় এক বন্ধু শহীদ হলেন। নিজেও গুরুতর আহত হয়েছি। সেই সময় ফরাসি জনগণের প্রতিনিধি হিসেবে মালরোর প্রতিবাদ ও আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তা আমাদের খুবই উজ্জীবিত করেছিল।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক উল্লেখ করেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মালরো। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সফরের সময় নির্মাণাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি চট্টগ্রাম ও রাজশাহীতেও গিয়েছিলেন। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে বাংলাদেশর এই অকৃত্রিম বন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে।’
প্রদর্শনীটি সাজানো হয়েছে ফ্রান্সের জাতীয় পতাকার নীল-সাদা-লাল এবং বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙের চারটি প্রদর্শন বোর্ডে, যেখানে বিভিন্ন ছবি, পত্রপত্রিকার কাটিং ও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীরা পূর্ব পাশের বোর্ডগুলোতে দেখতে পাবেন ফ্রান্সে অবস্থান করে মালরোর ভূমিকা, যেমন—প্রেসিডেন্ট নিক্সনকে লেখা চিঠি, টাইম সাময়িকীর প্রচ্ছদ ও সাক্ষাৎকার এবং জহির রায়হানের চিঠির জবাব।
পশ্চিম পাশের বোর্ডগুলোতে ১৯৭৩ সালে মালরোর বাংলাদেশ সফরের স্মৃতিগুলো স্থান পেয়েছে। সেখানে বিমানবন্দরে সংবর্ধনা, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক তাঁকে সম্মানসূচক ডি-লিট প্রদানের ছবি ও স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন প্রদর্শিত হচ্ছে।
দুই পাশের প্রদর্শন বোর্ডের মাঝখানে দক্ষিণ দিকে একটি এলইডি মনিটরে মালরোর জীবন ও কাজ নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হচ্ছে। পশ্চিম প্রান্তে রয়েছে একটি বড় ছবির কাটআউট, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মালরোকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। মালরো সেই মালাটি পুনরায় ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, ‘আমাকে নয়, মালাটি তোমাকেই দেওয়া উচিত।’ মালরো কিছুটা দূরে সরে গেলে সেই আহত মুক্তিযোদ্ধা পুনরায় আরেকটি মালা নিয়ে ছুটে এসে তাঁকে পরিয়ে দেন, যা এক আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। আলোকচিত্রী ও সাংবাদিকরা সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী ও লিপিবদ্ধ করেছিলেন।
সেই মুহূর্তে অভিভূত হয়ে মালরো বলেছিলেন, ‘ফ্রান্সের তাৎপর্য এই যে সে দেশ একজনকে পাঠিয়েছে এই সব আহত ব্যক্তির সঙ্গে হাত মেলানোর জন্য, আর তার বিনিময়ে এই হাতগুলো নিয়ে এসেছে ফুল আর ফুল আর ফুল।’