দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে আকস্মিকভাবে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বহুল আলোচিত ও বিতর্কিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম। তাঁর পাশাপাশি অতীতে বিভিন্ন বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তাকেও এই বদলির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, বিতর্কের কারণে এই তিন কর্মকর্তা এতদিন বিভিন্ন রেঞ্জে সংযুক্ত (ক্লোজড) অবস্থায় ছিলেন।

রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তৈমুর ইসলামসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ওই তিন বিতর্কিত পরিদর্শকের আগের সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে।

তালিকায় থাকা পরিদর্শক তৈমুর ইসলাম এর আগে রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন। সাড়ে পাঁচ মাস পর সেই আদেশ বাতিল করে তাঁকে পুনরায় ঢাকা রেঞ্জে আনা হচ্ছে। এছাড়া আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু রংপুর রেঞ্জের নীলফামারীতে সংযুক্ত ছিলেন এবং পরিদর্শক মো. হাসানুজ্জামান সিলেট রেঞ্জে সংযুক্ত ছিলেন।

সাধারণত পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে বা তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হলে কর্মস্থল থেকে সরিয়ে অন্য ইউনিটে সংযুক্ত করা হয়। অন্যদিকে, পরিদর্শকদের জন্য ঢাকা রেঞ্জে পদায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ পরিদর্শকদের মধ্য থেকেই সাধারণত থানার ওসি নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, এই বদলির প্রক্রিয়াটি অত্যন্ত তড়িঘড়ি করে সম্পন্ন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই কর্মকর্তাদের কয়েকজনকে গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব দেওয়া হতে পারে। তবে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো থানার নাম উল্লেখ করা হয়নি।

ঢাকা রেঞ্জের আওতায় মোট ১৩টি জেলা রয়েছে। এগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এর মধ্যে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ ঢাকা রেঞ্জের জেলাগুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দুটি থানা এবং বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। এমন উত্তাল পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ওসি বদলি করা হয়।

গোপালগঞ্জেই অভিযুক্ত ছিলেন তৈমুর

সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জন্য জমি কেনায় তৈমুর ইসলামের ভূমিকার কথা মুক্তকণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছিল। ২০২৪ সালে গোপালগঞ্জ সদরের বৈরাগীরটোলা ও ডোমরাশুর গ্রামের জমি বিক্রেতা পরিবারগুলোর ২৭ সদস্যের সঙ্গে কথা বলেছিল মুক্তকণ্ঠ। তাঁদের মধ্যে ২৫ জন জানিয়েছিলেন, তাঁরা জমি বিক্রি করতে চাননি, কিন্তু তৈমুর ভয় দেখিয়ে তাঁদের জমি বিক্রিতে বাধ্য করেছিলেন। যদিও তৈমুর এই অভিযোগ অস্বীকার করেছিলেন।

তৎকালীন সময়ে তৈমুর খুলনা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে, তিনি সেখান থেকে নিয়মিত গোপালগঞ্জ ও মাদারীপুরে যাতায়াত করতেন। ২০২১ সালে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত থাকাকালীনও তৈমুরের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের দাবি, তিনি কাউকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন এবং মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন। পুলিশের অভ্যন্তরীণ নজরদারি ইউনিট পিআইওর প্রতিবেদনেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে আসে। গত ৮ জুন মুক্তকণ্ঠয় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের দিনই পুলিশ সদর দপ্তর তাঁকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে।

তালিকায় থাকা বাকিরা কারা

মনিরুল হক ডাবলু ২০২৫ সালের মার্চে আশুলিয়া থানার ওসি হন। সে সময় তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পদায়নের পর ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় নিয়ে দুটি ভিন্ন সুপারিশপত্র ছড়িয়ে পড়ে। একটিতে তাঁকে ছাত্রলীগের এবং অন্যটিতে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে মনিরুল তখন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার দাবি প্রত্যাখ্যান করেছিলেন।

বদলির তালিকায় থাকা এ টি এম আরিচুল হক বর্তমানে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি অন্তত চারটি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি লক্ষ্মীপুরের রামগতি থানার ওসি ছিলেন এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পটুয়াখালীর বাউফল ও বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানার ওসির দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ের শেষে বরিশাল কোতোয়ালি থানা থেকে তাঁকে খুলনায় বদলি করা হয়।

তালিকায় থাকা এস এম জাবীদ হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে কুষ্টিয়ার দৌলতপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি ছিলেন। বর্তমানে তিনি খুলনা মহানগরে কর্মরত।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাকি পাঁচ পরিদর্শকের মধ্যে মো. রতন শেখ সুনামগঞ্জে, সুজিত মিস্ত্রী শিল্পাঞ্চল পুলিশ-৬-এ, মো. মাহমুদুর রহমান ও মো. আবু বকর সিদ্দিক সাতক্ষীরায় এবং মো. হোসেন আল মাহাবুব পিরোজপুরে কর্মরত আছেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে 'জনস্বার্থ' কথাটি উল্লেখ করা হয়েছে। কর্মকর্তাদের সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় ২৪ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

তড়িঘড়ি করে এই বদলির কারণ জানতে রোববার রাতে অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনের মুঠোফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর সরকারি নম্বরে খুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র, সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিষয়টি তাঁর জানা নেই। সোমবার এ বিষয়ে খোঁজ নিয়ে তারপর বলতে পারবেন।"