পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রথিতযশা উদ্যোক্তা প্রয়াত ফাহিম সালেহর স্মৃতি রক্ষার্থে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁর নামে ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ এবং ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’ নামে একটি বৃত্তি ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই দুই উদ্যোগের জন্য প্রয়োজনীয় অনুদান প্রদান করেছেন ফাহিম সালেহর বাবা-মা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ দুটির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম।
তহবিল চালুর বিষয়ে কথা বলতে গিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আজ থেকে আমরাও ফাহিমের কাজ ও স্বপ্ন এগিয়ে নিতে কাজ করব। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ ও সম্মানের বিষয়।’ এই মহৎ উদ্যোগের পেছনে ফাহিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তিনি ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই তহবিলকে আমাদের একটি লক্ষ্য হিসেবে দেখতে হবে।’ একই সঙ্গে তিনি ঘোষণা করেন যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই অনুদানের সমপরিমাণ অর্থ প্রদান করবে।
অনুষ্ঠানে নিজের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিফাত। তিনি জানান, তাঁর মা-বাবা চিকিৎসাধীন থাকায় পরিবারের যাবতীয় খরচ তাঁর বড় বোনের আয়ের ওপর নির্ভরশীল ছিল। এমতাবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাওয়া বৃত্তি তাঁর পড়াশোনা অব্যাহত রাখতে অত্যন্ত সহায়ক হয়েছে।
ফাহিম সালেহর স্মরণে এমন উদ্যোগ নেওয়ার জন্য ব্র্যাক ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বাবা সালেহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও হেড অব মার্কেটিং সৌমিক হাসান শ্রান্ত।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের হেড সাইদুজ্জামান শিকদার।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে খুন হন ফাহিম সালেহ। তিনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা এবং তথ্যপ্রযুক্তি খাতের একজন সফল উদ্যোক্তা ছিলেন।
২০১৫ সালে পাঠাও এবং ২০১৮ সালে নাইজেরিয়ার গোকাডা প্রতিষ্ঠা করেছিলেন ফাহিম সালেহ। এছাড়া অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ও লঞ্চ আফ্রিকা ভেঞ্চারসের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের উদীয়মান উদ্যোক্তাদের সহায়তা করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে গড়ে ওঠা ব্যবসাও বিশ্বজুড়ে বড় হতে পারে। বাংলাদেশের তরুণদের মধ্যেও এমন উদ্ভাবনী উদ্যোগ গড়ে তোলার পূর্ণ সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করতেন।