২০৩১ সালের মধ্যে দেশের মোট জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন।
আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র ও রপ্তানির দ্বার হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালা প্রণয়নের মূল লক্ষ্য।”
প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জগুলো বিবেচনা করে সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। খুব শীঘ্রই এই খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও বিকাশের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র আর মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এসএমই খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।”
তবে এই খাতের বিকাশে কিছু প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যাকে তিনি বড় বাধা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার ইতিমধ্যে এসব প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।”
ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো কোনো এলাকায় চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন হয়। এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
নতুন উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে আগামী চার বছরে দেশে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে।”
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন। মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। এই পুরস্কারগুলোর মধ্যে ছিল বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।