মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘদিনের অবরোধ ও তীব্র অসন্তোষের পর গাজীপুরে আজ রোববার সকালে অধিকাংশ পোশাক শ্রমিক শান্তিপূর্ণভাবে তাদের কর্মস্থলে ফিরেছেন। তবে সব কারখানা চালু হয়নি; শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার ফলে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, “গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

এদিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় অবস্থিত এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানাটি পুনরায় খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এই সময় শ্রমিকদের মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা গেলেও তাঁরা মহাসড়কে নেমে যাননি। বেলা ১১টার দিকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে তাঁরা সেখান থেকে চলে যান।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, মহানগর পুলিশ এবং শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বর্তমানে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।