বিদ্যুৎ এখন আর বিলাসিতার বিষয় নয়, বরং নাগরিক জীবনের এক অপরিহার্য সেবায় পরিণত হয়েছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত ৪৩টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ গত পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন জীবন কাটাচ্ছেন। প্রতিদিন সন্ধ্যা নামলেই এই গ্রামগুলো ঘনীভূত অন্ধকারে ডুবে যায়। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি সাবমেরিন কেব্ল ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ এই সময়েও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। বিষয়টি কেবল একটি কারিগরি সমস্যা হিসেবে দেখা যায় না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও দায়িত্বশীলতার বিষয়েও বড় প্রশ্ন তোলে।
গত ৮ জুন পদ্মার তলদেশে সাবমেরিন কেব্ল ছিঁড়ে যাওয়ার ফলে দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের ৪৩টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে গরুর খামার চালাতে না পেরে বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন। যদিও কিছু ক্ষেত্রে সোলার-ব্যবস্থা রয়েছে, তবে তা দিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় সব কাজ চালানো সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছে শিক্ষার্থীরা। এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো সোলার ব্যবস্থাও নেই।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ধরনের বিপর্যয় এই প্রথম ঘটছে তা নয়। ২০২২ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চারবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোনোবার ৮ মাস, আবার কোনোবার ১৩ মাস বিদ্যুৎহীন থাকতে হয়েছে স্থানীয় মানুষকে। বারবার একই ধরনের বিপর্যয় ঘটা সত্ত্বেও কেন কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, সেই প্রশ্নের জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, অন্যান্য এলাকায় উন্নত তিন ফেজের কেব্ল ব্যবহার করা হলেও এখানে দেওয়া হয়েছে এক ফেজের নিম্নমানের কেব্ল। এই অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা জরুরি।
বিদ্যুৎ বিভাগের দাবি, পদ্মার প্রবল স্রোত এবং নদীর তলদেশে পলি জমার কারণে কেব্ল মেরামত করা সম্ভব হয়নি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন চার কিলোমিটার কেব্ল বরাদ্দ দিয়েছে বলে জানানো হয়েছে। এমনকি বিদ্যুৎমন্ত্রী ডিসেম্বরের মধ্যে সংযোগ চালুর আশ্বাস দিয়েছেন। তবে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে বোঝা যায়, কেবল আশ্বাসে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।
বর্তমান পরিস্থিতিতে নতুন কেব্ল স্থাপনের পাশাপাশি বারবার এই বিপর্যয়ের মূল কারণ অনুসন্ধান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নদীর প্রবল স্রোত ও ভৌগোলিক প্রতিকূলতার কথা মাথায় রেখে টেকসই প্রযুক্তি এবং বিকল্প সংযোগের ব্যবস্থা করা প্রয়োজন। দুর্গম এলাকার মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই যথেষ্ট নয়, বরং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের নীতিনির্ধারকদের উপলব্ধি করতে হবে যে, পদ্মার চরের মানুষ এখন আর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয়, তারা দ্রুত ও কার্যকর সমাধান চায়।