পদ্মা নদীবেষ্টিত ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৪৩টি গ্রামে দীর্ঘ পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন ১০ হাজারের বেশি মানুষ। সূর্য ডুবলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা এবং খামারিদের ব্যবসায়।

জানা গেছে, গত ৮ জুন সকাল আটটার দিকে ঢাকার দোহার থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুতের একটি দল ঘটনাস্থলে এসে অনুসন্ধান চালালেও সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ার সঠিক স্থানটি শনাক্ত করতে পারেনি।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা নয়ন শেখ বলেন, ‘পাঁচ মাস ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। সন্ধ্যা হলেই অন্ধকারে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে। মোবাইল ফোন চার্জ দেওয়াসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

বিদ্যুৎহীন এই এলাকার মধ্যে রয়েছে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৪০টি গ্রাম এবং পাশের চর নাসিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অধীন ৩টি গ্রাম। এই অঞ্চলে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১টি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। এছাড়া এখানে দুটি বাজার, দুটি গরুর খামার ও বেশ কয়েকটি ছাগলের খামার রয়েছে। দীর্ঘ পাঁচ মাস বিদ্যুৎ না থাকায় পুরো এলাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটর ও টেলিভিশনের মতো মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে গরুর খামারিরা চরম বিপাকে পড়েছেন এবং বাধ্য হয়ে অনেকে তাদের গরু বিক্রি করে দিচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা; সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

বিদ্যুৎহীন এই সময়ে অনেকে সোলারের ওপর নির্ভর করছেন। তবে সোলারে কেবল লাইট ও একটি ফ্যান চালানো সম্ভব হয়, টিভি বা ফ্রিজ চালানো যায় না। উপরন্তু, এলাকার সব বাড়িতে সোলার সিস্টেম নেই।

দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দিয়ারা নারিকেলবাড়িয়ায় উপজেলা প্রশাসন উচ্চবিদ্যালয়ের শিক্ষক সলেমান ব্যাপারী বলেন, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বেশিক্ষণ স্কুলে থাকতে চায় না। একদিন এলে পরের দিন আসে না। যদিও স্কুলে সোলার সিস্টেম আছে, কিন্তু ফ্যানের ব্যাকআপ বেশিক্ষণ থাকে না। আর সরকারি প্রাইমারি স্কুলগুলোয় সোলার সিস্টেম নেই। তাদের অবস্থা আরও ভয়াবহ।

আকন গ্রামের বাসিন্দা মামুন আকন বলেন, বিদ্যুৎ না থাকায় সোলারের ওপর নির্ভর করতে হচ্ছে। সোলারে শুধু লাইট ও একটি ফ্যান চালানো যায়, কিন্তু তাতে টিভি বা ফ্রিজ চলে না। তা ছাড়া এলাকার সব বাড়িতে সোলার সিস্টেম নেই।

২০২২ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে এই চর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত চারবার এমন বিপর্যয় ঘটেছে। দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নূরুদ্দিন সরকারের কান্দি গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ রাজা মল্লিক জানান, ২০২১ সালে এ এলাকায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধনের আগে তিনটি ফেজের বিদ্যুৎ–সংযোগ লাইনের মধ্যে দুটি নষ্ট হয়ে যায়। একটি লাইন দিয়েই সংযোগ উদ্বোধন করা হয়। আট মাস পর ওই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আট মাস পর আবার একটি নতুন লাইন দিয়ে বিদ্যুৎ চালু করা হয়। আবার লাইন বন্ধ হয়ে গেলে ১৩ মাস বিদ্যুৎ–সংযোগ বন্ধ ছিল। নতুন তার দিয়ে আবার সংযোগ চালু করার পর আবার তিন মাসের জন্য বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ গত ৮ জুন শেষবারের মতো আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সদরপুরের ঢেউখালী ইউনিয়নের শায়তানখালি ঘাট থেকে ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নবাব আলী ঘাটে পৌঁছাতে হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে ওহেদ মোল্লার কান্দি গ্রামে পৌঁছানো যায়। সেখানে বসতিগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত। রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে তার টানা থাকলেও তাতে কোনো বিদ্যুৎপ্রবাহ নেই।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ায় প্রায় ১ হাজার ৭০০ পরিবারের ১০ হাজারের বেশি মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। বিদ্যুৎ না থাকায় ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এ সংযোগ দেওয়ার পর এবার নিয়ে এ পর্যন্ত চারবার সাবমেরিন কেব্​ল ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবারই ছয় মাসের আগে লাইন মেরামত করা হয়নি।

ইউপি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য জায়গায় যে সাবমেরিন কেব্​ল দেওয়া হয়েছে, তা উন্নত এবং তিন ফেজবিশিষ্ট। অথচ সদরপুর এলাকায় দেওয়া হয়েছে এক ফেজযুক্ত নিম্নমানের সাবমেরিন কেব্​ল। এ জন্য বারবার বিপর্যয় নেমে আসছে।

গত ১২ নভেম্বর জাতীয় সংসদে এই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর দোহারের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খান মুক্তকণ্ঠ কে বলেন, নদীর তলদেশে প্রবল স্রোত থাকায় আপাতত নতুন করে কেব্​ল স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে নতুন সাবমেরিন কেবলের বরাদ্দ পাওয়া গেছে। আশা করা যায়, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ–সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

সংসদে জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ডুবুরির সাহায্যে কেব্​ল জোড়া দিয়ে লাইন চালু করার চেষ্টা করা হলে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীর তলদেশে প্রচণ্ড স্রোত এবং পানির উচ্চতা অনেক বৃদ্ধি পাওয়ায় বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব হয়নি। ২৯ অক্টোবর আবার ডুবুরির সাহায্যে কেব্​ল জোড়া দেওয়ার চেষ্টা করা হয়। তবে নদীর তলদেশে পলি জমার কারণে কেব্​ল খুঁজে না পাওয়ায় জোড়া দিয়ে কাজ করা সম্ভব হয়নি। নভেম্বর-ডিসেম্বর মাসে নদীতে পানি কমে গেলে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী আরও জানান, দ্রুত নতুন কেব্​ল স্থাপনের মাধ্যমে লাইনটি সচল করার উদ্দেশ্যে ইতিমধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড চার কিলোমিটার সাবমেরিন কেব্​ল বরাদ্দ প্রদান করেছে এবং কেব্​ল স্থাপনের জন্য টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে কেব্​ল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।