বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের নতুন নীতিমালা অনুযায়ী, যদি কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ দেয়, তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

গত ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশনায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে।

নীতিমালার নির্দেশনা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের সর্বোচ্চ মূল্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য এই মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিওবহির্ভূত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত আদায় করতে পারবে।

সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমার বিষয়েও মন্ত্রণালয় স্পষ্ট নির্দেশনা দিয়েছে। মফস্বল এলাকায় এই খাতে সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মহানগরে সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়া যাবে।

অন্যদিকে, ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত ফির মধ্যেই মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফি বাবদ কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে যে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনঃভর্তি ফি আদায়ের কোনো সুযোগ নেই। এছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত সীমার বাইরে অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে অতিরিক্ত অর্থ সংগ্রহ করলে তার এমপিও বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় সতর্ক করা হয়েছে।

আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি হওয়া এবং জমা পড়া আবেদন ফরমের সংখ্যা একটি নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের বিষয়েও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্র হতে হবে মানসম্মত এবং সংশ্লিষ্ট শ্রেণির উপযোগী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন তৈরি করতে হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস ও উপযুক্ত আসনবিন্যাস নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা কমিটি বা প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিতে পারবেন।