সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ককটেল ফাটানোর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের চেয়ে খোদ ককটেল নিজেই অত্যন্ত বিরক্ত। এই বিরক্তির কারণ জানতে এবং তার মনের কথা শুনতে ককটেলের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন সাবরিন জাওয়াদ।

সাক্ষাৎকারের শুরুতে সাবরিন জাওয়াদ জিজ্ঞেস করেন, “কেমন আছেন ককটেল ভাই?”

ককটেল দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, “আমার আর থাকা! আমাকে নিয়ে যা শুরু করেছে, ভালো থাকার উপায় আছে!”

দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থাকার পর পুনরায় আলোচনায় আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ককটেল বলে, “আগেই ভালো ছিলাম ভাই, এখন দুই দিন পরপর আমাকে যারা ফাটাচ্ছে, তাদের নাম তো আর খারাপ হচ্ছে না, আমার নামই খারাপ হয়।”

বর্তমানে ককটেল অত্যন্ত ভাইরাল, এই বিষয়ে তার খুশির কথা জানতে চাওয়া হলে সে ক্ষোভ প্রকাশ করে বলে, “খুশি মানে? এমনিই মনমেজাজ ভালো নাই। আমাকে রাগায়েন না, এখনই ফেটে যাব কিন্তু, বলে দিলাম!”

সাক্ষাৎকার গ্রহণকারী তাকে অনুরোধ করেন রেগে না যেতে। এরপর বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে, ককটেল ফাটালেও মানুষ এখন আর আগের মতো দৌড়ে পালায় না। এই পরিস্থিতি নিয়ে ককটেলের মতামত জানতে চাওয়া হলে সে বলে, “এটাই তো সমস্যা! বাড়াবাড়ি করে তো আমার প্রতি মানুষের ভয় কমিয়ে ফেলেছে। এটা আমার জন্য খুবই অসম্মানজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

পরবর্তীতে ককটেল ফাটালে এখন আর তেমন কোনো প্রভাব বা কাজ হয় না কেন, সেই প্রশ্ন করা হলে ককটেল আক্ষেপ করে বলে, “কী আর বলব ভাই! আগে আমাকে বানানোর কাঁচামাল ভালো ছিল। এখন বাজেট কাটিংয়ের জন্য আমার ভেতরেও ভেজাল দিয়ে দেয়।”

এই পরিস্থিতির প্রতিকারে ককটেল কী পরিকল্পনা করছে, সে বিষয়ে সে জানায়, “ভেবেছি, আমাকে বানানোর সময় একদিন দুম করে ফেটে যাব, ব্যাটাদের উচিত শিক্ষা হবে।”

রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে তার ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে বর্তমানে কারা তাকে ফাটাচ্ছে, তা জানতে চাওয়া হলে ককটেল এড়িয়ে যায়। সে বলে, “নো কমেন্টস! এ বিষয়ে কথা বলে কি এই বয়সে জেল খাটব! পাগল নাকি!”

অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ককটেল বিষণ্ণ মনে বলে, “পরিকল্পনা তো ছিলই। দেখেন, আমার বয়স হয়েছে, এক পা কবরে। ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভালো হতে দিল না।”

দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে ককটেল তার বার্তা দিয়ে বলে, “আমি শুধু এটাই বলব যে আমাকে একটু ভয় পান আপনারা। আমাকে হেলাফেলা করবেন না। আর সাংবাদিক ভাইদের বলতে চাই, ভাইয়েরা আমার, আমাকে নিয়ে নিউজ করার সময় আমার ভয়াবহতা নিয়ে লিখুন, মানুষকে বোঝান যে আমি আলফা-মেল।”

সাক্ষাৎকারের শেষ প্রশ্নে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে হতে পারে, তা জানতে চাওয়া হলে ককটেল এক করুণ অভিজ্ঞতার কথা শেয়ার করে। সে বলে, “সেদিন দেখলাম, একটা পটকা ফেটেছে, মানুষ ককটেল বলে চিৎকার করল। তারপর সেটা নিয়ে আবার হাসাহাসি করল! আরে ভাই, ও একটা পটকা। ও আর আমি কি এক হলাম। কিন্তু কি আর করার। কী ছিলাম আর কী হয়ে গেলাম। বাকি জীবন সামান্য একটা পটকাকেই প্রতিদ্বন্দ্বী ভেবে কাটাতে হবে ভেবে বুকের ভেতরে আগুন জ্বলে ওঠে।”