বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে ২০৩৫ সালের মধ্যেই খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে ইসলাম। তখন অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার এক পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বৃদ্ধি পাবে। তবে বৃদ্ধির হার হবে ভিন্ন। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত এই ৫০ বছরের ব্যবধানে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সেই হিসেবে ২০২ কোটি থেকে বেড়ে তাঁদের মোট সংখ্যা দাঁড়াতে পারে ৩৬৪ কোটিতে।

অন্যদিকে, খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে, যেখানে ২০২০ সালে তাঁদের সংখ্যা ছিল ২২৭ কোটি। খ্রিষ্টানদের এই সংখ্যাগত বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে। বিপরীতে, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং যারা কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা ভবিষ্যতে কমতে পারে।

কোন ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে

বিশ্বের প্রধান ধর্মগুলোর অনুসারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে। অন্যদিকে, বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে। গবেষকেরা বলছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার বদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা জনসংখ্যাতাত্ত্বিক কারণের। অনেকে মনে করেন, ধর্ম বদলই এর মূল কারণ। বাস্তবে ধর্ম বদলেরও প্রভাব আছে, তবে বেশির ভাগ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে।

পিউ রিসার্চের এই গবেষণায় মূলত পাঁচটি প্রধান বিষয় বিবেচনা করা হয়েছে—জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।

গবেষণা অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৬। উল্লেখ্য, কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের অবস্থায় ধরে রাখতে সেই জনগোষ্ঠীর নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন হয়। জন্ম ও মৃত্যুর এই হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

কোন কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম থাকবেন

মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সেসব দেশে, যেখানে মুসলিমরাই বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাঁদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।

২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়, যেখানে তাঁদের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। তবে অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান ভবিষ্যতে শীর্ষস্থানটি দখল করতে পারে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ২০২০ ও ২০৭০ সালের চিত্রের তুলনা করা হয়েছে, তাই ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখ হতে পারে, অন্যদিকে ইন্দোনেশিয়ায় এই সংখ্যা বাড়বে মাত্র ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের অনেক আগেই দুই দেশের অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাসের তালিকায় ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে আসবে তৃতীয় স্থানে। দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে, যার ফলে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।

২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা করে নেবে, তবে বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। এই সময়ে সুদানে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে, যার ফলে দেশটি মুসলিমদের সংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে।

পিউ রিসার্চ সেন্টারের এই পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস। তবে পূর্বাভাস তৈরির ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হলেও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এই চিত্র বদলে যেতে পারে।