গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রায় সব দলের প্রার্থীদেরই আওয়ামী লীগের ‘ক্ষুদ্র পরিসরে’ প্রত্যাবর্তনের জন্য দায়ী করেছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া (স্বপন)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ তুলেছেন, যা বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার ‘কিবরিয়া স্বপন’ নামের ফেসবুক আইডিতে তিনি এই পোস্টটি করেন। সেখানে তিনি লিখেছেন, “আওয়ামী লীগের আজকের এই ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব দলের এমপি প্রার্থীরা।”

পোস্টটিতে তিনি আরও বিস্তারিতভাবে উল্লেখ করেন, “প্রায় প্রত্যেক দলের এমপি প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের কাছে ডেকে নিয়েছেন। অথচ সেই আওয়ামী লীগের নেতা–কর্মীরা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িয়াছে সে।”

মুক্তকণ্ঠের সাথে কথা বলে কিবরিয়া নিশ্চিত করেছেন যে, তিনি নিজেই এই স্ট্যাটাসটি দিয়েছেন। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে বিএনপির এই নেতা জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে ওই লেখাটি পোস্ট করেছিলেন এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়ার এই সাহসী মন্তব্যের পর বিএনপির নেতা ও কর্মীদের মধ্যে যেমন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তেমনি দলের বাইরের রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাত পৌনে নয়টা পর্যন্ত ওই পোস্টে এক হাজারের বেশি প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) এবং প্রায় সাড়ে চার শটি মন্তব্য জমা পড়েছে।

ফেসবুক পোস্টটির মন্তব্যের ঘরে অনেক ব্যবহারকারীই তার সাথে একমত হয়ে ‘১০০% সঠিক কথা’, ‘সঠিক বলেছেন ভাই’ এবং ‘সহমত’—এরকম প্রতিক্রিয়া জানিয়েছেন।

মন্তব্যকারীদের মধ্যে রফিকুজ্জামান নামের একজন লিখেছেন, “নিজ দলের নেতা–কর্মীদের ওপর আস্থা–ভরসা কম ছিল...যোগদানকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওপর বিশ্বাস আর আস্থা রেখেছিল...বিজয়ের পর তাদেরকেই প্রাধান্য দিচ্ছে। আর মঞ্চে দাঁড়িয়ে বড় বড় লোক দেখানো বক্তব্য দিছে...দুর্দিনের বিএনপির সেই কর্মীদেরকে প্রতারণামূলক সান্ত্বনা দিচ্ছে...এই প্রতারণার মূল্য তো দিতেই হবে!”

অন্যদিকে, ইকবাল নামের একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, “মধুখালী উপজেলা ও পৌর বিএনপির যখন কমিটি দেওয়া হলো, ওই কমিটিতে সরাসরি আওয়ামী লীগ করার লোকজনকে পদ দেওয়া হয়, এ জন্যই কিন্তু আমি ওই কমিটি থেকে পদত্যাগ করেছিলাম।”

দেওয়ান মামুন নামের আরেকজন মন্তব্য করেছেন, “হক কথা। সরিষার মধ্যে ভূত।”