রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত পঞ্চম ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ জয় করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক মো. আবদুল কাবিল খান।
তার নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এর জন্য ‘পেশাদার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে তিনি এই মর্যাদাপূর্ণ সেরা পুরস্কারটি অর্জন করেন। উল্লেখ্য, কাবিল খান বর্তমানে ডিআইইউর সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে, বিশ্বের ৮৫টি দেশ থেকে আসা ৮০০টিরও বেশি প্রতিযোগিতামূলক কাজের মধ্য থেকে কাবিল খানের প্রামাণ্যচিত্র সিরিজটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
আন্তর্জাতিক সংস্থা ‘রোসসোত্রুদনিচেস্তভো’ কর্তৃক আয়োজিত এই আসরে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত সাংবাদিক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। মোট ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ছিল ৭০ লাখ রুবল, যা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
‘গোল্ডেন ডেজ’ নামক এই প্রামাণ্যচিত্র সিরিজে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনসংগ্রাম ও অভিজ্ঞতার কথা ফুটিয়ে তোলা হয়েছে।
পুরস্কার জয়ের পর কাবিল খান বলেন, ‘২০১১ সালে রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে আমি “গোল্ডেন ডেজ” প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নিই...এই কাজের জন্য আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘অনেস্ট ভিউ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের এই কাজকে বৈশ্বিক দর্শকদের জন্য আরও মূল্যবান করে তুলেছে এবং আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’