সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ওই যুবকের নাম শাহরিয়ার (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকার জিরো পয়েন্টসংলগ্ন স্থান থেকে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনেন। সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু ভুল করে তিনি পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যান। পরে অসাবধানতাবশত ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে। ছেলেকে ফিরিয়ে আনতে তিনি বিজিবির বিছনাকান্দি ক্যাম্পের কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, "অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।"
এর আগে, গত ১৭ নভেম্বর বিছনাকান্দি পর্যটনকেন্দ্র এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করে এক পর্যটককে গালিগালাজ করার অভিযোগে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছিল বিজিবি। পরে ওই দিন সন্ধ্যায় ১২৬৩ নম্বর পিলারের জিরো পয়েন্টে দুই বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।