সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার পর তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে বিজিবির পক্ষ থেকে তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। সেই সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, "আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে।"

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, এই বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।