আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। পুরো ভর্তি কার্যক্রমকে সহজ করতে বিদ্যালয়গুলোকে তিনটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী, ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিতে ২০ নম্বর বরাদ্দ। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিতে ৪০ নম্বর রাখা হয়েছে।
উল্লেখ্য যে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত কোটা ব্যবস্থা অনুসরণ করা হবে।