ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টিতে ঝালকাঠির সবজি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে বাজারে সবজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে সবজির সরবরাহ আরও হ্রাস পেতে পারে, যা দামকে আরও বাড়িয়ে তুলবে।

ঝালকাঠির বিভিন্ন বাজার পরিদর্শনে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

সবজি বিক্রেতা মো. কামরুল ইসলাম বলেন, “ঘূর্ণিঝড়ের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গা থেকে আগের মতো সবজি আসছে না। ফলে পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। পরিবহন খরচসহ অন্যান্য ব্যয়ও রয়েছে। তাই বেশি দামে কিনে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে সবজির সরবরাহ আরও কমতে পারে।”

আরেক বিক্রেতা জামাল হাওলাদার জানান, গত কয়েক দিন ধরে সবজির বাজারে দামের ব্যাপক ওঠানামা চলছে। আগে যেসব সবজি অনেক কম দামে পাওয়া যেত, এখন সেগুলো উচ্চমূল্যে কিনতে হচ্ছে। ক্রেতারা বাজারে এসে দাম শুনে অনেক সময় কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন, যার ফলে বিক্রিও কমে যাচ্ছে। তিনি মনে করেন, সরবরাহ স্বাভাবিক হলে এবং পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও দাম হ্রাস পাবে।

ক্রেতা আব্দুল হক হাওলাদার আক্ষেপ করে বলেন, “প্রতিদিনই কোনো না কোনো সবজির দাম বেশি থাকছে। আগে যে টাকায় পরিবারের জন্য কয়েক ধরনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় প্রয়োজনীয় সবজিও কেনা কঠিন হয়ে পড়েছে। আয় তো আর বাড়েনি, কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।”

অন্যদিকে ক্রেতা মোস্তফা বলেন, “বাজারে সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন বাজার করতে এসে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ক্ষতি হলে তার প্রভাব বাজারে পড়ছে, কিন্তু সেই চাপ বহন করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।”