সার কারখানা ব্যতীত শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্য সব কারখানা বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেলের আওতায় এসব কারখানায় বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের শুরু থেকেই এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কারখানাগুলো বেসরকারি উদ্যোগে হস্তান্তরের বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এই তথ্য প্রদান করেন।

শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সার কারখানা বাদে অন্য সবগুলোতেই আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করব। সেটা হবে পিপিপি মডেলে। পিপিপির অধীনে কয়েকটি পদ্ধতি আছে। কোনোটি দীর্ঘমেয়াদি ইজারা, কোনোটি রাজস্ব ভাগাভাগি, কোনোটি মুনাফা ভাগাভাগি। এই তিন পদ্ধতির কোনো একটির আওতায় কারখানাগুলো ছেড়ে দেওয়া হবে।’

দরপত্র আহ্বান থেকে শুরু করে কারখানা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে শিল্পমন্ত্রী জানান, ‘দরপত্র করার সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একেকটা কারখানা আমরা হস্তান্তর করতে পারব। এই সময়ের মধ্যে দরপত্র মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষা করা হবে। এরপর নির্বাচিত উদ্যোক্তার কাছে কারখানা হস্তান্তর করা হবে।’

সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হলো বিদ্যমান ব্যবস্থার মধ্যেই উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির পথ সহজ করা। তিনি উল্লেখ করেন, ছয় থেকে বারো লাখ টাকার মতো ছোট ঋণ নিতে গেলেও অনেক ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ব্যাংকের কঠিন শর্ত পূরণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। জামানতের জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘যিনি ছয় লাখ টাকার ঋণ চাচ্ছেন, তাঁর কী আছে, আর তিনি বন্ধকটা দেবেন কী?’

এই সমস্যার সমাধানে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি বিশেষ কর্মসূচির আওতায় বর্তমানে দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই ঋণের পরিমাণ বা ক্ষমতা আরও বাড়ানো হবে। এছাড়া বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ছোট উদ্যোক্তাদের কী ধরনের সহায়তা দেওয়া সম্ভব, সে বিষয়ে এসএমই ফাউন্ডেশনের বোর্ডের কাছে সুপারিশ চাওয়া হবে বলে তিনি জানান।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহী, পাবনা ও আঞ্চলিক কার্যালয়গুলোতে গিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে শুনেছি যে তাঁদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সনদ নিতে কষ্ট হয়। তাঁরা বিএসটিআইয়ের ফি নিয়েও প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি সমস্যা হলো অনেক সময় আঞ্চলিক কার্যালয়ের নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা থাকে না। তখন উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এ নিয়ে আমরা কাজ করছি। আগামী দিনে এর একটি সহজ সমাধান পাওয়া যাবে বলে আশা করি।’