দেশের চাহিদার তুলনায় মুরগি ও ডিমের উৎপাদন বেশি হওয়া সত্ত্বেও বাজারে এর দাম কমছে না। মূল্যবৃদ্ধির কারণ, এই খাতের বিনিয়োগের চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আহ্বায়ক মশিউর রহমান। শফিকুল ইসলামের নেওয়া এক সাক্ষাৎকারে তিনি পোলট্রি শিল্পের বর্তমান পরিস্থিতি ও সংকট তুলে ধরেন।

দেশে ব্রয়লার মুরগি ও ডিমের চাহিদা ও উৎপাদন সম্পর্কে মশিউর রহমান বলেন, “জনসংখ্যা বৃদ্ধি, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ও প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের পোলট্রি খাতেরও সম্প্রসারণ হয়েছে। এ খাতে, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের মুরগির উৎপাদন সক্ষমতা বেড়েছে।” তিনি জানান, গত পাঁচ বছরে ডিমের বার্ষিক উৎপাদন প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ডিম উৎপাদন ছিল ২ হাজার ৫৮ কোটি পিস, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২ হাজার ৪৪১ কোটি পিসে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে মাথাপিছু ১৪০টি ডিমের চাহিদা রয়েছে এবং মোট চাহিদা প্রায় ২ হাজার ১০০ কোটি ১৬ লাখ পিস। সে হিসেবে চাহিদার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি উৎপাদন হচ্ছে। অন্যদিকে, ব্রয়লার মুরগির মাথাপিছু ভোগ ২০২০-২১ সালে ছিল ছয়-সাত কেজি, যা বর্তমানে ১০ কেজিতে পৌঁছেছে। ব্রয়লার মুরগির উৎপাদনও চাহিদার তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।

পোলট্রি খাতের বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, দেশে প্রায় ৯০ হাজার নিবন্ধিত এবং ২ লাখ অনিবন্ধিত পোলট্রি খামার রয়েছে। এই খামারগুলোতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। দেশের পোলট্রিশিল্পের বার্ষিক বাজার আনুমানিক ৫০ হাজার কোটি টাকার। এর মধ্যে ডিমের বাজার প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং ব্রয়লার মুরগির বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার মতো।

সাম্প্রতিক সময়ে অনেক ক্ষুদ্র খামার বন্ধ হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মশিউর রহমান বলেন, “দেশে মাংস ও ডিম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই করেন ক্ষুদ্র খামারিরা। অতিরিক্ত গরম, আবহাওয়ার পরিবর্তন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে অনেক ছোট ও মাঝারি খামার ঝুঁকিতে পড়ে। এতে লোকসান বেড়ে একসময় বন্ধ হয়ে যায়।” তিনি মনে করেন, এই ক্ষুদ্র খামারগুলোকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। এজন্য ব্যাপক ভিত্তিতে স্মার্ট ফার্মিং ও টেকসই খামার ব্যবস্থাপনায় যাওয়ার কথা বলেন তিনি। বিশেষ করে পোলট্রি লিটার ব্যবস্থাপনা (মুরগির শেডের মেঝেতে বিছিয়ে দেওয়া উপাদান), মৃত মুরগির নিরাপদ নিষ্পত্তি, বায়োসিকিউরিটি এবং শেডের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা সম্পর্কে তিনি বলেন, “অতিরিক্ত ঝুঁকি ও কম মুনাফার এই খাতে সাড়ে ২৭ শতাংশ করপোরেট কর, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও টার্নওভার কর রয়েছে। পোলট্রির মতো একটি মৌলিক খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়।” তাই এই করগুলো বাতিল বা সহনীয় পর্যায়ে আনার দাবি জানান তিনি। পাশাপাশি পোলট্রি ফিডের কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড়, বন্দরে দ্রুত পণ্য খালাস এবং ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু খুচরা বাজারে জরিমানা না করে খামারি থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদেরও জবাবদিহির মধ্যে রাখতে হবে। খামারি যেন ন্যায্যমূল্য পান এবং ভোক্তাও যেন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন—এই ভারসাম্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজার ও রপ্তানির সম্ভাবনা নিয়ে মশিউর রহমান জানান, দেশে প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে চিকেন নাগেটস, সসেজ, বার্গার প্যাটি, ম্যারিনেটেড চিকেনসহ বিভিন্ন রেডি-টু-কুক ও রেডি-টু-ইট পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। এই বাজারের প্রধান ক্রেতা শহরকেন্দ্রিক মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবার, কর্মজীবী মানুষ এবং তরুণ প্রজন্ম। এছাড়া রেস্টুরেন্ট, ফাস্ট ফুড চেইন, হোটেল ও ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোও বড় ক্রেতা। তিনি আরও বলেন, প্রক্রিয়াজাত পোলট্রি পণ্য রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হালাল পোলট্রি পণ্যের চাহিদা একটি বড় সুযোগ তৈরি করতে পারে। ইতিমধ্যে এই খাতের বড় প্রতিষ্ঠানগুলো বেশ কিছু দেশে রপ্তানি শুরু করেছে।

উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের বর্তমান চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি খামারে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ আনুমানিক ১৫০ থেকে ১৬০ টাকা এবং প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১১ টাকা। খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং প্রতি পিস ডিম ১২-১৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে খামার পর্যায়ে বিক্রয়মূল্য অনেক সময় উৎপাদন খরচের নিচে নেমে যায়। ২০২৫ সালের শেষ দিকে খামারিরা প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২২-১২৫ টাকা এবং প্রতিটি ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।

সাধারণ ক্রেতাদের অসন্তোষ ও চড়া দামের কারণ হিসেবে তিনি উৎপাদন খরচ বৃদ্ধিকে চিহ্নিত করেন। তিনি বলেন, গত কয়েক বছরে পোলট্রি ফিডের কাঁচামাল, বাচ্চা, ওষুধ, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্য পরিবহণ খরচও অনেক বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত গরম, রোগবালাই ও খামার ব্যবস্থাপনার দুর্বলতায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোলট্রি খাদ্যের প্রধান কাঁচামাল ভুট্টা ও সয়াবিন মিলের মতো উপাদানগুলো আমদানিনির্ভর। গত তিন বছরে সব ধরনের ফিডের উপাদানের দাম ৩৫ শতাংশের মতো এবং ডিম ও মাংসের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার পেলেট ফিডের (প্রক্রিয়াজাত দানাদার খাবার) দাম প্রায় ৭২-৭৩ টাকা এবং লেয়ার মেশ ফিডের (পাউডার) দাম ৫৮-৫৯ টাকা। অন্যদিকে এক দিনের ব্রয়লার বাচ্চা ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পোলট্রি খাতের বর্জ্য ও শেডের ছাদের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, পোলট্রি খাতের জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার হিসেবে ব্যবহার করলে বছরে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার সার আমদানি কমানো সম্ভব। আবার এই সার কৃষকদের দিলে প্রায় ২ হাজার কোটি টাকার ভর্তুকি কমানো সম্ভব হবে। পাশাপাশি দেশের পোলট্রি শেডগুলোর প্রায় ২৫ মিলিয়ন বর্গমিটার ছাদ রয়েছে। এসব ছাদে সৌর প্যানেল বসালে প্রায় ৪-৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা এই খাতের জ্বালানি খরচ কমিয়ে আনবে।