অভিনেত্রী মৌসুমী হামিদ মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর বর্তমানে সম্পূর্ণভাবে সন্তানকে ঘিরেই অতিবাহিত হচ্ছে তাঁর প্রতিটি মুহূর্ত। মাতৃত্বের এই নতুন অভিজ্ঞতায় বদলে গিয়েছে তাঁর জীবনের দীর্ঘদিনের রুটিন এবং প্রতিদিনের ব্যস্ততা।
এই বিষয়ে মুক্তকণ্ঠকে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি জানান, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখার সুযোগ পাননি মৌসুমী। পরবর্তীতে যখন তিনি গভীরভাবে লক্ষ্য করেন, তখন তাঁর মনে হয়েছে যে ছেলের চেহারায় তাঁরই প্রতিচ্ছবি রয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক—এ জন্য সবার কাছে দোয়া চাই।’
মাতৃত্বের এই গুরুত্বপূর্ণ সময়ে স্বামী, শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাঁদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত জুলাই মাসে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেই সময়েই তিনি স্বামী আবদুল ওয়াদুদকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে মৌসুমী জানিয়েছিলেন, তাঁরা ১৪ বছরের পুরোনো বন্ধু। দুজনের চিন্তাভাবনার মিল থাকার কারণেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে প্রথম পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক দশকেরও বেশি সময় ধরে নাটকের দুনিয়ায় অভিনয় করে চলেছেন। ছোট পর্দার পাশাপাশি তিনি চলচ্চিত্র এবং ওয়েব কনটেন্টেও কাজ করেছেন। তবে বর্তমানে পেশাগত ব্যস্ততার চেয়ে সন্তানকে সময় দেওয়া তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’