আইফোনের জনপ্রিয় এয়ারড্রপ ফিচারের আদলে এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও দুটি ডিভাইস পাশাপাশি এনে স্পর্শ করিয়ে ছবি, কন্টাক্ট ডিটেইলস এবং বিভিন্ন ফাইল আদান-প্রদান করা যাবে। গুগল তাদের ব্যবহারকারীদের জন্য এই নতুন সুবিধাটি চালু করতে যাচ্ছে। ‘ট্যাপ টু শেয়ার’ নামের এই উদ্ভাবনী ফিচারের ফলে দুটি ফোনের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য এখন আর আলাদাভাবে ফাইল খুঁজে পাঠানোর ঝামেলা পোহাতে হবে না। কেবল ফোন দুটিকে কাছাকাছি এনে স্পর্শ করলেই খুব সহজে তথ্য বিনিময় করা সম্ভব হবে।

এতদিন অ্যান্ড্রয়েড ফোনে ফাইল আদান-প্রদানের জন্য গুগলের ‘কুইক শেয়ার’ সুবিধাটি ব্যবহৃত হয়ে আসছিল। অ্যাপলের এয়ারড্রপের মতোই কাজ করা এই কুইক শেয়ারের সাথে এখন যুক্ত হচ্ছে ‘ট্যাপ টু শেয়ার’ অপশনটি। এর ফলে সমর্থিত দুটি অ্যান্ড্রয়েড ফোন যখন একে অপরের সংস্পর্শে আসবে, তখনই স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।

প্রাথমিকভাবে গুগলের পিক্সেল ৬ এবং এর পরবর্তী মডেলের ফোনগুলোতে এই সুবিধাটি চালু করা হচ্ছে। এছাড়া স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। তবে পিক্সেল ফোনে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধাটি ব্যবহার করতে হলে ফোনে অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণটি ইনস্টল থাকতে হবে।

এই ফিচারটি ব্যবহার করার জন্য ফোনের ‘শেয়ার’ কার্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে ব্যবহারকারীরা প্রয়োজনীয় যোগাযোগের তথ্য, অ্যাপ, ছবি ও অন্যান্য ফাইল আদান-প্রদান করতে পারবেন। তবে শর্ত হলো, দুটি ফোনই আনলক অবস্থায় থাকতে হবে এবং একে অপরের সঙ্গে স্পর্শ করাতে হবে। এই পুরো সংযোগ স্থাপনের কাজটি সম্পন্ন করবে এনএফসি (NFC) প্রযুক্তি। যখন ফোন দুটি স্পর্শ করা হবে, তখন পর্দায় আলোর পরিবর্তন দেখা যাবে, যা নির্দেশ করবে যে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধাটি সক্রিয় হয়েছে। এরপর ব্যবহারকারীরা খুব সহজেই লোকেশন লিংক, ছবি, কন্টাক্ট ইনফরমেশন এবং বিভিন্ন মিডিয়া ফাইল আদান-প্রদান করতে পারবেন। আর তথ্য আদান-প্রদান বন্ধ করতে হলে ফোন দুটিকে পরস্পর থেকে সরিয়ে নিলেই হবে, যার ফলে এনএফসি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে।

‘ট্যাপ টু শেয়ার’ সুবিধাটি ডিফল্টভাবে বা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে সেটিংসের মাধ্যমে এটি বন্ধ রাখতে পারেন। এর জন্য ফোনের সেটিংস থেকে ‘গুগল’ অপশনে গিয়ে ‘কুইক শেয়ার’ নির্বাচন করতে হবে এবং সেখান থেকে ‘ট্যাপ টু শেয়ার’ অপশনটি বন্ধ করে দিলেই হবে।

গুগল আরও জানিয়েছে যে, পিক্সেল ফোনের ওয়ার্ক প্রোফাইলের অধীনে থাকা অ্যাপগুলোর ক্ষেত্রে এই সুবিধাটি ব্যবহার করা যাবে না।

যদিও বর্তমানে পিক্সেল এবং স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু মডেলের ফোনে এই সুবিধা চালু করা হয়েছে, তবে গুগলের পরিকল্পনা রয়েছে এটিকে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও সম্প্রসারণ করার। প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে যে, চলতি বছরের শেষ নাগাদ আরও অনেক বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধাটি যুক্ত করা হবে।