বলিউডের রুপালি পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল এক আলাদা আবহ। রঙিন পোশাক, অদ্ভুত চুলের সাজ, চোখধাঁধানো অভিব্যক্তি আর শরীরী ছন্দে দর্শককে মন্ত্রমুগ্ধ করতেন তিনি। কখনো ‘মেরা নাম চিন চিন চু’, কখনো ‘পিয়া তু আব তো আজা’, আবার কখনো ‘ইয়ে মেরা দিল’—তাঁর প্রতিটি নাচই ছিল সিনেমার বাড়তি আকর্ষণ। তিনি হেলেন, যাকে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘ক্যাবারে কুইন’ হিসেবে অভিহিত করা হয়।

২১ নভেম্বর হেলেনের জন্মদিন। ১৯৩৮ সালের এই দিনে ব্রিটিশ বার্মার রেঙ্গুনে জন্ম নিয়েছিলেন হেলেন অ্যান রিচার্ডসন। বর্তমানে ৮৮ বছরে পা দিয়েছেন এই প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী। পর্দায় তাঁর জীবন যতটা ঝলমলে মনে হতো, বাস্তবের গল্পটি ছিল ততটাই করুণ। শৈশবে যুদ্ধের বিভীষিকা, দেশ ছেড়ে উদ্বাস্তু হওয়া, চরম অর্থকষ্টে পড়াশোনা বন্ধ করা, পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া এবং ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক—সব বাধা পেরিয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। হেলেনের জীবন কেবল একজন নৃত্যশিল্পীর সাফল্যের কাহিনী নয়, বরং প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এক নারীর সংগ্রামগাথা।

যুদ্ধের স্মৃতি ও ভারতে আশ্রয়: হেলেনের জন্মবার্মায় (মিয়ানমার)। তাঁর বাবা জর্জ ডেসমিয়ার ছিলেন ইউরোপীয় বংশোদ্ভূত এবং মা মার্লিনের শিকড় ছিল বার্মা ও স্পেনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর বার্মা আক্রমণে তাঁদের জীবন তছনছ হয়ে যায়। যুদ্ধে বাবাকে হারানোর পর মা ও ছোট ভাইকে নিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন হেলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র তিন বছর। নিরাপদ আশ্রয়ের খোঁজে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছিল তাঁদের। বার্মা থেকে আসাম পৌঁছাতে সময় লেগেছিল প্রায় নয় মাস। সেই যাত্রাপথে অনাহার, অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে যাত্রা করা অনেকেরই গন্তব্যে পৌঁছানোর ভাগ্য হয়নি।

শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন হেলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, একবার বোমা পড়া একটি জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালে রক্ত, চুল ও মানুষের মাথার খুলির অংশ দেখেছিলেন বলে জানান তিনি।

আসামে পৌঁছানোর পরও কষ্টের শেষ হয়নি। তাঁর ছোট ভাই গুটিবসন্তে মারা যান এবং মায়ের গর্ভের সন্তানও দীর্ঘ যাত্রার ধকল সইতে না পেরে প্রাণ হারায়। পরবর্তীতে কলকাতা হয়ে মুম্বাইয়ে থিতু হন এই পরিবার। মা মার্লিন নার্স হিসেবে কাজ করলেও সেই সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। ফলে খুব অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে পরিবারের দায়িত্ব নিতে হয় হেলেনকে। যুদ্ধের কারণে শৈশব হারিয়েছিলেন তিনি, আর জীবিকার প্রয়োজনে হারিয়ে যায় স্বাভাবিক কৈশোরও।

কোরাস ড্যান্সার থেকে তারকা হয়ে ওঠা: মুম্বাইয়ে অভিনেত্রী ও নৃত্যশিল্পী কুকু মোরে ছিলেন হেলেনের পারিবারিক পরিচিত। তাঁর মাধ্যমেই চলচ্চিত্রে কাজের সুযোগ পান তিনি। শুরুতে দলবদ্ধভাবে নাচতেন হেলেন। রাজ কাপুর ও নার্গিস অভিনীত ‘আওয়ারা’সহ কয়েকটি ছবিতে তিনি কোরাস ড্যান্সার হিসেবে কাজ করেন। তৎকালীন সময়ে অনেক তরুণী নায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও হেলেনের সামনে পরিস্থিতি ছিল ভিন্ন; তাঁর প্রয়োজন ছিল দ্রুত অর্থ উপার্জন করা। অভিনয়ে বড় সুযোগ না আসায় তিনি নাচকেই পেশা হিসেবে বেছে নেন এবং ধীরে ধীরে একক নাচের সুযোগ পেতে শুরু করেন।

১৯৫৮ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘হাওড়া ব্রিজ’ ছবির ‘মেরা নাম চিন চিন চু’ গানে নাচের পর বদলে যায় হেলেনের জীবন। তাঁর পোশাক, অভিব্যক্তি এবং ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এবং তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ষাট ও সত্তরের দশকে হিন্দি সিনেমার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। ‘গুমনাম’, ‘চায়না টাউন’, ‘তিসরি মঞ্জিল’, ‘জুয়েল থিফ’, ‘কারাভান’, ‘ডন’ এবং ‘শোলে’র মতো ছবিতে তাঁর নাচ আলাদা আকর্ষণ তৈরি করেছিল। বিশেষ করে ‘কারাভান’ ছবির ‘পিয়া তু আব তো আজা’ গানটি অত্যন্ত উল্লেখযোগ্য। এছাড়া ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল’ কিংবা ‘শোলে’র ‘মেহবুবা মেহবুবা’ গানে তাঁর উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। আশা ভোসলের কণ্ঠের সঙ্গে হেলেনের নাচের রসায়ন ছিল অসাধারণ।

হেলেনের নাচের বিশেষত্ব ছিল তাঁর সামগ্রিক পরিবেশনা। তিনি শুধু গানের তালে শরীর দোলাতেন না, বরং মুখের অভিব্যক্তি, চোখের ভাষা, পোশাক, হাতের ভঙ্গি এবং ক্যামেরার সঙ্গে সংযোগের মাধ্যমে এক অনন্য শৈলী তৈরি করেছিলেন। ভারতীয় ধ্রুপদি নাচ, পাশ্চাত্য নৃত্য, জ্যাজ ও ক্যাবারের সংমিশ্রণে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব এক উপস্থাপনা পদ্ধতি।

নায়িকা নন, তবু সিনেমার প্রধান আকর্ষণ: হেলেনের জনপ্রিয়তার পেছনে ছিল এক অদ্ভুত বৈপরীত্য। তিনি তারকা হয়েও প্রচলিত অর্থে নায়িকা ছিলেন না। তৎকালীন হিন্দি সিনেমায় নায়িকাদের জন্য নির্দিষ্ট কিছু সামাজিক ও নৈতিক সীমারেখা ছিল, যার কারণে সাহসী পোশাক বা ক্যাবারে পরিবেশনায় অংশ নেওয়া তাঁদের জন্য সম্ভব ছিল না। সেই শূন্যস্থানটিই পূরণ করেছিলেন হেলেন। অধিকাংশ ছবিতে তাঁকে ক্লাবের নৃত্যশিল্পী, ভ্যাম্প বা পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত নারীর চরিত্রে দেখা যেত। যদিও তাঁর চরিত্রগুলো অনেক সময় মূল নায়িকার বিপরীতে থাকত, কিন্তু পর্দায় এলেই তিনি হয়ে উঠতেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। রঙিন পরচুলা, কনট্যাক্ট লেন্স, ঝলমলে পোশাক এবং উঁচু হিল—হেলেনের সাজসজ্জা হয়ে উঠেছিল অনুকরণীয়। নির্মাতারা জানতেন, হেলেন থাকলে দর্শকবেজ বাড়বে।

নিজের ক্যারিয়ার নিয়ে এক সাক্ষাৎকারে হেলেন বলেছিলেন, “চলচ্চিত্রে কাজ করাকে তখন ভালো পেশা হিসেবে দেখা হতো না। পরে নায়িকারাও এমন পোশাক পরতে শুরু করেন, যা আগে তাঁদের জন্য কল্পনাও করা যেত না। কিন্তু তাঁর ভাগ্যে যেন নির্দিষ্ট একটি জায়গাই বরাদ্দ ছিল।”

প্রথম বিয়ে ও নির্যাতনের অভিযোগ: হেলেনের ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল তাঁর প্রথম বিয়ে। ১৯৫৭ সালে চলচ্চিত্র পরিচালক প্রেম নারায়ণ অরোরার সঙ্গে তাঁর বিয়ে হয়, যিনি বয়সে তাঁর চেয়ে অনেক বড় ছিলেন। সম্পর্কের শুরুতে বিশ্বাস করে নিজের উপার্জন ও সম্পত্তির নিয়ন্ত্রণ দিয়েছিলেন হেলেন। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং ১৯৭৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই সম্পর্কের ভেতরের অনেক ঘটনা দীর্ঘকাল আড়ালেই ছিল। তবে ২০২৫ সালের নভেম্বরে সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার লেখা ‘হোয়েন ইট অল বিগ্যান: দ্য আনটোল্ড স্টোরিজ অব দ্য আন্ডারওয়ার্ল্ড’ বইটিতে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেখানে উল্লেখ করা হয়, অরোরা হেলেনের সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে রেখেছিলেন এবং একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সম্পত্তি ফিরে পেতে হেলেনকে সাহায্য করেছিলেন মুম্বাইয়ের কুখ্যাত অপরাধ জগতের নেতা করিম লালা, যিনি কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের অনুরোধে এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন।

সেলিম খানের সঙ্গে সম্পর্ক ও বিতর্ক: প্রথম সংসার ভাঙার পর হেলেনের জীবনে আসেন চিত্রনাট্যকার সেলিম খান। তাঁদের পরিচয় হয়েছিল ১৯৬৩ সালের ‘কাবলি খান’ ছবির মাধ্যমে, যেখানে হেলেন ছিলেন নায়িকা এবং সেলিম খলনায়ক। তবে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে ‘ডন’ ছবির কাজের সময়। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তবে সমস্যা ছিল সেলিম তখন বিবাহিত এবং তাঁর স্ত্রী সালমা খান ও চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভেরা ছিল। ফলে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর পারিবারিক টানাপোড়েন শুরু হয়।

১৯৮১ সালে তাঁরা বিয়ে করেন, যা নিয়ে সে সময় বলিউডে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে সালমা ও সন্তানদের ওপর এর প্রভাব ছিল গভীর। সালমান খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাবার দ্বিতীয় বিয়ের সময় তিনি ছোট ছিলেন এবং মায়ের কষ্ট দেখতে তাঁর ভালো লাগত না। বাবার জন্য মায়ের অপেক্ষা করাটাও তাঁকে ব্যথিত করত।

অন্যদিকে, আরবাজ খানের উপস্থাপনায় ‘দ্য ইনভিন্সিবলস’ অনুষ্ঠানে হেলেন স্বীকার করেন, সেলিম বিবাহিত হওয়াটা তাঁকে অস্বস্তিতে ফেলেছিল এবং প্রথম দিকে তাঁর মনে অপরাধবোধ কাজ করত। সালমার কষ্টের কথা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এমনকি সালমার প্রতি সম্মান দেখিয়ে তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গাড়িতে নিজেকে আড়াল করে রাখতেন হেলেন, যাতে সালমা তাঁকে দেখতে না পান। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে এবং বর্তমানে সালমা ও হেলেনের সম্পর্ক স্বাভাবিক। খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায় এবং সেলিম খানও দুই স্ত্রীর পারস্পরিক সৌহার্দ্যের কথা উল্লেখ করেছেন।

বয়সের সাথে কাজের পরিবর্তন: সময়ের সাথে সাথে বলিউডে নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের আগমন ঘটে এবং হেলেনের কাজের সুযোগ কমতে থাকে। পদ্মা খান্না, জয়শ্রী টি, বিন্দু, অরুণা ইরানি ও কল্পনা আইয়ারের মতো শিল্পীরা জনপ্রিয়তা পান। পাশাপাশি মূলধারার নায়িকারাও সাহসী পোশাক ও নাচের দৃশ্যে অংশ নিতে শুরু করেন। হেলেন জানান, তিনি ৪২ বছর বয়স পর্যন্ত নিয়মিত নাচের সুযোগ পেয়েছিলেন, কিন্তু পরে নায়িকারা সেই জায়গাটি দখল করে নেন।

আশির দশকে তিনি নিয়মিত নাচ থেকে সরে আসেন। ‘সওয়াল’ (১৯৮২) ও ‘পাখন্ডি’ (১৯৮৪) ছিল তাঁর ক্যাবারে নাচের শেষ দিকের উল্লেখযোগ্য কাজ। তবে অভিনয় থেকে তিনি হারিয়ে যাননি। ‘লহু কে দো রং’ (১৯৭৯) ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান, যা প্রমাণ করে তিনি শুধু নাচ নয়, আবেগনির্ভর চরিত্রেও দক্ষ। ১৯৯৬ সালে সঞ্জয় লীলা বানসালির ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবির মাধ্যমে তিনি পুনরায় পর্দায় ফেরেন। এরপর ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯) এবং ‘মোহাব্বতে’ (২০০০) ছবিতে অভিনয় করেন। বিশেষ করে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে সালমান খানের মায়ের চরিত্রে তাঁর অভিনয় ছিল উল্লেখযোগ্য। বাস্তব জীবনে যাঁকে ঘিরে একসময় সালমানের পরিবারে অস্বস্তি তৈরি হয়েছিল, পর্দায় সেই হেলেনই হয়ে উঠেছিলেন তাঁর মমতাময়ী মা।