যুক্তরাষ্ট্রের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার স্থাপন করা মার্কিন কোম্পানিগুলোর জন্য নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান দেশের সীমানার বাইরে ডেটা সেন্টার নির্মাণ করবে, তাদের ওপর ‘বিপুল কর’ আরোপের হুমকিও দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমরা সবকিছু এ দেশেই রাখব।’ তবে এই বিষয়ে সম্ভাব্য নীতিমালার বিস্তারিত বিবরণ তিনি দেননি। তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর মন্ত্রিসভার সদস্যরাও এই বিষয়টি (মার্কিন কোম্পানিকে ডেটা সেন্টার দেশের বাইরে করতে না দেওয়া) প্রথমবার শুনছেন।

চলতি নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেটা সেন্টার নির্মাণ একটি প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। ডেমোক্রেটিক পার্টির অনেক প্রার্থীই ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বর্তমানে মেটা ও গুগলের মতো বড় প্রযুক্তি জায়ান্টগুলো বিদেশে ডেটা সেন্টার স্থাপনের চুক্তি সম্পন্ন করেছে। এখন ট্রাম্প প্রশাসন যদি নতুন কোনো নীতি কার্যকর করে, তবে তা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

সম্প্রতি এশিয়া সফর শেষ করে ফেরার পর এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের কোম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার বানাতে দেব না। কারণ, চীন সেগুলোর সব নিয়ে নেবে। আমরা সেটা হতে দেব না।’

তবে এই ভাবনা শেষ পর্যন্ত আনুষ্ঠানিক রাষ্ট্রীয় নীতিতে রূপ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, এটা ব্রেকিং খবর কি না। আমি তো এটা আমার লোকদেরও বলিনি। তবে এখন বলছি, তাঁরা এখানেই আছেন।’

যুক্তরাষ্ট্র ডেটা সেন্টার নির্মাণে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বলে দাবি করার পর ট্রাম্প এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে চীনের কাছে যুক্তরাষ্ট্রকে হারতে দেওয়া হবে না। এআই-কে তিনি ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই হিসেবে অভিহিত করেন।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে উন্নত কম্পিউটার চিপ রপ্তানির ওপর সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দেওয়া হয়। সেই সাথে এসব চিপের কম্পিউটিং ক্ষমতা কারা ব্যবহার করতে পারবে, তার ওপরও নিয়ন্ত্রণ আনা হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য সেই ঘোষণার পরপরই এল।

গত সোমবার ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিপ ক্রয়ের জন্য কোম্পানিগুলোর এখন থেকে লাইসেন্স প্রয়োজন হবে। এর মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নজর রাখতে পারবেন যে, এই চিপগুলো কোনো চীনা কোম্পানির কাজে ব্যবহৃত হচ্ছে কি না অথবা চীনে পাচার হচ্ছে কি না।

এই পদক্ষেপের সরাসরি প্রভাব পড়তে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর, যারা ডেটা সেন্টারে বিপুল বিনিয়োগ করেছে। জানা গেছে, চীনা কোম্পানিগুলো বিদেশ থেকে কম্পিউটিং ক্ষমতা ভাড়া নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এআই প্রযুক্তির প্রসারে ডেটা সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশাল গুদামের মতো এই ভবনগুলোতে উন্নত কম্পিউটার চিপ ও সার্ভার সংরক্ষিত থাকে, যা ক্লড ও চ্যাটজিপিটির মতো এআই প্রোগ্রামগুলো পরিচালনার জন্য অপরিহার্য।

পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন হাজার ডেটা সেন্টার ছিল। এছাড়া আরও ১ হাজার ৫০০টি ডেটা সেন্টার অনুমোদনের বিভিন্ন পর্যায়ে অথবা নির্মাণাধীন অবস্থায় রয়েছে।

এর মধ্যে অনেক ডেটা সেন্টার গ্রামাঞ্চলে নির্মিত হয়েছে, যা শব্দদূষণ ও অত্যধিক বিদ্যুৎ খরচের মতো নানা উদ্বেগের জন্ম দিয়েছে। ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীদের জয়ের পেছনে ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়মের প্রতিশ্রুতি এবং স্থানীয় মানুষের এই উদ্বেগগুলো বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘ডেটা সেন্টারের সুবিধা নেওয়া উচিত আপনাদের। এগুলোর কাছ থেকে অর্থ আদায় করুন, আপনাদের এলাকাকে অর্থ দিতে বাধ্য করুন। সুবিধা নিন কিন্তু বন্ধ করে দেবেন না।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের অনেক জায়গা আছে, যেখানে মানুষ এগুলো খুব করে চায়। সেগুলো দারুণ জায়গা। সেখানে জ্বালানি আছে, সবকিছুই আছে। এগুলো বিরাট সম্পদ।’

এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রায়ই ‘এআই হাইপারস্কেলার’ বলা হয়। এই কোম্পানিগুলো বর্তমানে বিভিন্ন দেশে তাদের কার্যক্রম সম্প্রসারিত করছে। কানাডা নিজেকে এসব ডেটা সেন্টারের বিকল্প গন্তব্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, কারণ সেখানে এখন পর্যন্ত এ ধরনের প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় বিরোধিতার হার তুলনামূলক কম।