ভারতের বর্তমান সফরে এসে আগ্রার তাজমহল কিংবা দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক? এই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তিন দিনের সংক্ষিপ্ত সফরে ভারতে আসা মুসাদ্দিক মালিক ওই দুই ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করলেও, ভারত সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে গত শুক্রবার ভারতে পৌঁছেছেন মুসাদ্দিক মালিক। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির পুরোনো কেল্লায় এসসিওর ‘সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম’-এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যার আয়োজক দেশ ভারত।
সাংগঠনিক নীতি ও প্রচলিত রীতি মেনে গত ২৮ অক্টোবর ভারত পাকিস্তানসহ এসসিও-র সকল সদস্যদেশকে আমন্ত্রণ জানানোর কথা ঘোষণা করেছিল। সেই প্রটোকল অনুযায়ী প্রথমে পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানায় ভারত। তবে গত শনিবার ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পর পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিককে ভারতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই তিনি দিল্লি সফর করছেন।
এই সফরের বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিও কাঠামোর মধ্যে সভ্যতা সংলাপ এগিয়ে নিতে ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে মুসাদ্দিক মালিকের অতীত মন্তব্য ও অবস্থান নিয়ে আলোচনা রয়েছে। চলতি বছরের জুনে পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, “সিন্ধু নদের পানি যারা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, পাকিস্তান তাদের ‘হাত কেটে’ ফেলবে।” সম্প্রতি তিনি আরও জানিয়েছেন যে, পানিচুক্তির বিষয়টিকে পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের গণ্ডির বাইরে নিয়ে যেতে চায়। তারা এই বিষয়ে জাতিসংঘ ও অন্যান্য সালিশি ফোরামে যাওয়ার পরিকল্পনা করছে, কারণ তাদের কাছে এটি “ন্যায়বিচার ও ভাটির দেশের অধিকারের প্রশ্ন”।
উল্লেখ্য, ২০২৩ সালে ভারতের গোয়ায় এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি অংশ নিয়েছিলেন। তবে ২০২৫ সালের মে মাসে পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়; ভারত পাকিস্তানে হামলা চালালে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। দুই দেশের মধ্যকার সেই উত্তেজনাকর সংঘাতের পর এই প্রথম কোনো পাকিস্তানি নেতা বা মন্ত্রী ভারত সফর করছেন।
সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ভারতে অবস্থানকালে মুসাদ্দিক মালিক আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছেন। তবে তিনি এই সুযোগ পাবেন কি না, তা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাতে ভিন্ন ভিন্ন খবর প্রকাশিত হয়েছে। কিছু সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তানি মন্ত্রীকে শুধুমাত্র এসসিও ফোরামে অংশ নেওয়ার জন্য ভিসা দেওয়া হয়েছে, অন্য কোথাও যাওয়ার জন্য নয়। সেই হিসেবে, সম্মেলনস্থল নয়াদিল্লির বাইরে যাওয়ার অনুমতি না থাকায় তাঁর আগ্রার তাজমহল দেখা সম্ভব হবে না। এমনকি দিল্লির ভেতরেই অবস্থিত নিজামুদ্দিন দরগায় যাওয়ার আগ্রহ জানালেও নিরাপত্তার কারণে সেখানে তাঁর যাওয়া নিষিদ্ধ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আবার কিছু গণমাধ্যম ‘সরকারি সূত্রের বরাতে’ জানিয়েছে যে, পাকিস্তানি দূতাবাসের সঙ্গে কথা বলে তাজমহল পরিদর্শনে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এমনকি দিল্লির মোগল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ পরিদর্শনেও তিনি যেতে পারেন। তবে নিরাপত্তার খাতিরে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
গতকাল এসসিওর সভ্যতার সংলাপ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিভিন্ন সাম্রাজ্য বিশ্বের মানচিত্রে পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু সভ্যতাগত সংলাপ মানুষের চিন্তাভাবনা বদলায়। বিশ্বশান্তির শক্তিশালী ভিত্তি তৈরি করে।” তিনি ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘সমগ্র পৃথিবীই এক পরিবার’-এর দর্শনের কথা উল্লেখ করে পারস্পরিক সম্প্রীতি ও বৈশ্বিক কল্যাণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, এসসিও প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ে নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সংগঠনটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি মনে করেন, এই অগ্রগতির সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা যুক্ত হলে সদস্যদেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। সেই লক্ষ্যে মোদি বলেন, প্রযুক্তি কাজে লাগিয়ে জ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদান বৃদ্ধি করা হলে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা বাড়বে এবং জ্ঞানের ভান্ডারও সমৃদ্ধ হবে।