ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) তাদের জনবল বৃদ্ধিতে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘লোন অফিসার’ পদে মোট ২৫০ জন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। এই পদটি সম্পূর্ণ ফুল টাইম এবং নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর ২০২৬ তারিখে সরাসরি নির্বাচনী পরীক্ষায় (ওয়াক-ইন-ইন্টারভিউ) অংশ নিতে হবে।
পদের বিস্তারিত বিবরণ:
পদের নাম: লোন অফিসার
পদসংখ্যা: ২৫০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। তবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে পূর্ব অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি:
অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। অন্যদিকে, এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৯ বছর। প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে। এছাড়া নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করেছে। তবে সিএসএসে কোনো আত্মীয় কর্মরত থাকলে আবেদন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা:
নির্বাচিত কর্মীদের মাসিক বেতন হবে ২৩,০৮০ টাকা থেকে ২৫,০০০ টাকা।
আবাসন ও যাতায়াত: পুরুষ কর্মীদের জন্য বিনামূল্যে আবাসিক সুবিধা প্রদান করা হবে। নারী কর্মীদের জন্য আবাসন ভাতা এবং দৈনিক যাতায়াত ভাতার ব্যবস্থা রয়েছে।
অন্যান্য আর্থিক সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল এবং জ্বালানি বিল দেওয়া হবে। এছাড়া মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষাসহায়তা তহবিল ও স্পেশাল ফান্ড সুবিধা প্রদান করা হবে।
বিশেষ প্রণোদনা ও ছুটি:
কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা এবং বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতার ব্যবস্থা রয়েছে। বছরে ৩০ দিন ছুটি এবং ১২ দিন ছুটি রিজার্ভ রাখার সুবিধা দেওয়া হবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা পাওয়া যাবে। এছাড়া পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি এবং ধর্মীয় উৎসবের ছুটি প্রযোজ্য হবে।
নির্বাচনী পরীক্ষার তারিখ ও স্থান:
আগ্রহী প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৯টায় নিচের যেকোনো একটি কেন্দ্রে উপস্থিত হতে হবে—
১. কুমিল্লা কেন্দ্র: সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা।
২. বরিশাল কেন্দ্র: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর, বরিশাল।
আবেদন ও পরীক্ষার নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীদের পরিচালক (এইচআরএম অ্যান্ড পিএমইএল) বরাবর একটি লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের (যদি থাকে) ফটোকপিসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
পরীক্ষার দিন ১০০ টাকা পরীক্ষা ফি (অফেরতযোগ্য) নগদ জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ১৫,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত হলে দুজন প্রত্যয়নকারীর প্রত্যয়নপত্র এবং আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
সরাসরি সাক্ষাৎকারের তারিখ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।