খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টারশেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধারকৃত মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকার চেঙ্গী নদীর তীরে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে যথাযথ সতর্কতার সাথে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে এটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। শালবন এলাকার পল্লীটিলা এলাকায় সবজির চাষ করার জন্য মাটি খুঁড়তে গিয়ে স্থানীয় এক কৃষক হঠাৎ এই মর্টারশেলটি খুঁজে পান। বিষয়টি জানাজানি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে।

এই বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, “মাটির নিচ থেকে পরিত্যক্ত ভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।”