বাংলার প্রকৃতি, লোকজীবনের প্রেম-বিরহ এবং সৌন্দর্যচেতনার এক বর্ণিল জগৎ উন্মোচন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ। তাঁর সাম্প্রতিক শিল্পকর্মের এই প্রদর্শনীটির নামকরণ করা হয়েছে ‘ফোক আর্ট অ্যান্ড আই’। রাজধানীর উত্তরার গ্যালারি কায়াতে বর্তমানে এই প্রদর্শনীটি চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী আবদুস শাকুর শাহ দীর্ঘ সময় ধরে সাধনা করছেন বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে আধুনিক চারুশিল্পের সাথে মিলিয়ে নাগরিক জনরুচির উপযোগী করে প্রকাশ করার। সেই ধারাবাহিকতায় গ্যালারি কায়ার এবারের প্রদর্শনীতেও তিনি তুলে ধরেছেন ভাটিবাংলার লোককাহিনি ‘মৈমনসিংহ গীতিকা’র মহুয়া, মলুয়া এবং নদের চাঁদের মতো বিভিন্ন চরিত্র। এসব চরিত্রের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে গ্রামীণ প্রকৃতি, ফুল, পশুপাখি এবং জনজীবনে নিত্যদিনের ব্যবহৃত নানা সামগ্রী—যেমন কুপি, মাটির পাত্র, সানকি, বোতল ও হাতপাখা। লোকশিল্পের এই বিবিধ উপকরণগুলো তিনি এঁকেছেন সাধারণ মানুষের চিরায়ত অঙ্কনরীতির ধাঁচ আয়ত্ত করে। রঙের ক্ষেত্রে তিনি লাল, হলুদ, সবুজ, নীল, কালো, গোলাপি এবং মাটির গৈরিক রঙের প্রয়োগ ঘটিয়েছেন, যা অ্যাক্রিলিক ও জলরং উভয় মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে।

গত ১৪ নভেম্বর প্রদর্শনীটির শুভ সূচনা হয়। সেদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পসমালোচক ও স্থপতি শামসুল ওয়ারেস শিল্পী আবদুস শাকুর শাহের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে শিল্পী নিজেও তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সঞ্চালনার দায়িত্বে থাকা গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, গ্যালারি কায়া বর্তমানে ২৩তম বছরের কার্যক্রম পরিচালনা করছে এবং এ পর্যন্ত এখানে একক ও দলীয় মিলিয়ে মোট ১৬৫টি শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শিল্পী আবদুস শাকুরের এই প্রদর্শনীতে মোট ৭৪টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। অ্যাক্রিলিক ও জলরং ছাড়াও এখানে কালি-কলমের ড্রয়িং, প্যাস্টেল এবং মিশ্রমাধ্যমের কিছু কাজ রাখা হয়েছে। মানব ও মানবীর মুখের সম্মুখ ও পার্শ্বচিত্র এখানে প্রধান বিষয় হিসেবে উঠে এসেছে। বিশেষ করে নারীর সাজসজ্জায় রঙের বৈচিত্র্য এবং বাংলার চিরায়ত গয়নার কারুকাজ ফুটে উঠেছে। তিনি মহুয়া-মলুয়ার মতো গ্রামীণ নারীদের হৃদয়ের আবেগ-অনুভূতি প্রকাশের পাশাপাশি মালা, চুড়ি, কানের দুল, নাকফুল, খোঁপার কাঁটা এবং চুলের বিনুনির শৈলীতে গয়নার অলংকরণ অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন।

এছাড়া শিল্পীর প্রিয় বিষয় হিসেবে এবারের কাজগুলোতে দেখা যাচ্ছে ময়ূর, সাপ, মৃৎপাত্র এবং গাছপালার ভেতর দিয়ে দেখা পূর্ণচন্দ্র বা বাঁকা চাঁদ। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে বাড়ির উঠান বা মাঠে যেমন রঙিন কাগজ ত্রিভুজ আকারে কেটে সুতলির সঙ্গে আঠা দিয়ে আটকে ঝালর তৈরি করা হয়—তেমন বিভিন্ন রঙের ত্রিভুজ আকৃতির জ্যামিতিক নকশা প্রায়ই তাঁর বিভিন্ন কাজে দেখা যায়। এগুলোর পাশাপাশি রয়েছে সাদা, কালো, নীল, সবুজসহ অনেক রঙের বিন্দুর ঘন সন্নিবেশ। কিছু কিছু ক্ষেত্রে প্রধান বিষয়গুলোর পাশে পরিপ্রেক্ষিত সৃষ্টির সহায়ক হিসেবে তরঙ্গায়িত বা সোজা সরল রেখার গুচ্ছ ব্যবহার করা হয়েছে। আঙ্গিক হিসেবে দর্শকেরা গাজী বা মনসার পট, নকশিকাঁথা এবং কারুকাজখচিত শীতলপাটির প্রভাব তাঁর উপস্থাপনায় লক্ষ্য করতে পারবেন।

এবার তিনি অ্যাক্রিলিক ও জলরঙে বেশ কিছু নিরীক্ষাধর্মী কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ঝরে পড়া ফুলের রাশি এবং বেশ কয়েকটি বৃত্তাকার কম্পোজিশন। পালকিতে গ্রামের বধূর যাত্রার ছবিটিতে চারপাশে সীমানাপ্রাচীরের মতো করে এঁকেছেন হাতে হাত ধরা মানুষের সারি। এমন সীমারেখা তাঁর অনেক ছবিতেই দেখা যায়, যেখানে ফুল ও লতাপাতার অলংকরণ থাকে। তবে এই মানুষের প্রতিকৃতিগুলোতে দেখা যাচ্ছে ওপরের অংশের মানুষগুলোর মাথা নিচে এবং পা ওপরে, একইভাবে দুই পাশের অবয়বগুলোও অনুভূমিকভাবে আঁকা। এই মানুষের সারি ছবিগুলোতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

আবদুস শাকুরের কাজের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি অনুভূমিক বা উল্লম্ব উভয় আকারের কিছু কিছু কাজে মূল বিষয়ের এক পাশে লোকগীতিকা থেকে বেশ কিছু চরণ লিপিবদ্ধ করেন। এই লেখাগুলো প্রথাসিদ্ধ লিপিশিল্পের মতো নয়, বরং সাধারণ হস্তাক্ষরে লেখা। কিছু কিছু পঙ্‌ক্তি বিষয়বস্তুর সঙ্গে মানিয়ে যায় বা লেখার ভাবগত অর্থের দ্যোতনার আবহ ছবিতে ফুটে ওঠে। আবার কোনো কোনো লেখার সঙ্গে ছবির বিষয়ের সরাসরি কোনো সংযোগ থাকে না। আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও পুরো পট মিলিয়ে এক বিশেষ ব্যঞ্জনার সৃষ্টি করে, যা তাঁর নিজস্ব একটি করণকৌশল এবং তাঁর চিত্রভাষাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

গ্যালারি কায়ায় এই প্রদর্শনী আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। আবদুস শাকুর শাহের এই প্রদর্শনী দর্শকদের নিয়ে যাবে বাংলার লোকজীবনের এক রঙিন ভুবন ভ্রমণে।