সবুজ অরণ্য আর পাহাড়-টিলার প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে মৌলভীবাজারে এখন রিসোর্ট নির্মাণের এক অবাধ প্রতিযোগিতা চলছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে বনাঞ্চল উজাড় করে গড়ে উঠেছে প্রায় ২০০টি রিসোর্ট, যার অধিকাংশেরই নেই কোনো বৈধ অনুমোদন। নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মিত এসব রিসোর্টের কোনো সুনির্দিষ্ট তালিকা বা তথ্য প্রশাসনের কোনো দপ্তরেই নেই। মূলধারার হাতেগোনা কয়েকটি বাদে বাকি রিসোর্টগুলোর মালিকানা ও ভেতরের কার্যক্রম নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটন-সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম দৃষ্টিনন্দন জেলা হিসেবে পরিচিত মৌলভীবাজার। এ জেলার সাতটি উপজেলায় কৃত্রিম ও প্রাকৃতিক ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। বাস্তবে সরকারি বা বেসরকারিভাবে পর্যটন শিল্পের সামগ্রিক উন্নতি না ঘটলেও, পর্যটনের নাম করে রিসোর্ট ব্যবসার ব্যাপক প্রসার ঘটছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়। এরপর জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২০১৩ সালে প্রায় ১৩ একর জায়গা জুড়ে প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর কয়েক বছর পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে কিছু রিসোর্ট ব্যবসার বিস্তার ঘটতে থাকে। তবে গত ৩ থেকে ৪ বছর ধরে বেপরোয়াভাবে নামে-বেনামে আইনের তোয়াক্কা ছাড়াই বাসাবাড়ি, পাহাড়-টিলা কেটে কিছু কক্ষ বানিয়ে রিসোর্ট নাম দেওয়া শুরু হয়। এসব নামে-বেনামে রিসোর্টের সরকারিভাবে কোনো বৈধতা নেই।
পর্যটন সংশ্লিষ্ট স্থানীয় কয়েকটি সংস্থা থাকলেও তারা জানেন না কারা এসব রিসোর্ট নির্মাণ করেছে বা পরিচালনা করছে। নামধারী এসব অধিকাংশ রিসোর্টের মালিকই হলেন বহিরাগত। জেলার মধ্যে প্রায় ১০৩টি রিসোর্ট রয়েছে শ্রীমঙ্গল উপজেলায়, যার মধ্যে শুধুমাত্র রাধানগর এলাকায় অন্তত ৪০ থেকে ৪৫টি রিসোর্ট অবস্থিত।
এছাড়া কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক অবৈধ রিসোর্ট। এসব রিসোর্ট নির্মাণের জন্য অবলীলায় ও নিয়মবহির্ভূতভাবে কেটে ফেলা হচ্ছে বড় বড় টিলা ও পাহাড়ি ভূমি। উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও, নূরজাহান, পুরানবাড়ি এবং সদর ইউনিয়নের ছাতকছড়া এলাকায় বনভূমি দখলের এই মহোৎসব চলছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল, বন বিভাগ ও সরকারি কর্মকর্তাদের অসাধু যোগসাজশে ঢাকার বড় বড় কোম্পানি এসব রিসোর্টে বিনিয়োগ করছে।
মূলধারার স্থানীয় রিসোর্ট ব্যবসায়ীরা জানান, শ্রীমঙ্গলের স্থানীয়রা কয়েক শতক জায়গা বাইরের অনেকের কাছে বিক্রি করেছেন। এরপর সেই ক্রেতা একজন এসে একটি ঘর বা কয়েকটি কক্ষ বানিয়ে রিসোর্ট নাম দিয়েছেন। অথচ ওই ব্যক্তি স্থানীয় এলাকাবাসী বা পর্যটন সংশ্লিষ্ট কারো সঙ্গে পরামর্শ না করেই প্রতিষ্ঠান গড়ে তুলছেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা কোনো সমস্যা হলে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। অনেক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা বা নৈশপ্রহরীও নেই। তারা নিজেরাই রিসোর্টের মালিক ও ম্যানেজার হয়ে তা পরিচালনা করছেন। এতে করে এসব নামধারী রিসোর্টের ভেতরে কী ঘটছে তা কেউ জানেন না। সম্প্রতি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে একটি ঘটনার পর রাতারাতি রিসোর্টের নাম পরিবর্তন করার ঘটনাও ঘটেছে। সরকারের পক্ষ থেকেও কোনো তদারকি করা হয় না। ইউনিয়ন পরিষদ, পরিবেশ অধিদপ্তর অথবা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ রিসোর্ট মালিক তা করেন না।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেন, “শ্রীমঙ্গলে প্রায় ১০৩টি রিসোর্ট আছে। পাহাড়ি এলাকা বা কোথাও রিসোর্ট করতে হলে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হয়। প্রকৃতি রিসোর্টের সংখ্যা যদি বলি তাহলে শ্রীমঙ্গলে ১০ থেকে ১২টি হবে। কেউ যদি ২ শতক জায়গা কিনে কয়েকটি কক্ষ বানায় তাহলে এটা তো রিসোর্টের মধ্যে পড়ে না। রিসোর্ট শব্দটাই অনেকেই বুঝে না। একটা রিসোর্ট বানাতে হলে প্রচুর জায়গার প্রয়োজন হয় এরপর নিরাপত্তাসহ অনেক নিয়ম মেনে চলতে হয়। আমরা ব্যবসা করছি পৌরসভাকে প্রতি বছরে লাখ টাকার উপরে ট্যাক্স দিচ্ছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গলের দুটি রিসোর্টের ব্যবস্থাপক বলেন, “মৌলভীবাজারের পর্যটনের উন্নতির কথা চিন্তা করেই গ্র্যান্ড সুলতানের মতো পাঁচ তারকা মানের রিসোর্টের এর যাত্রা শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট তৈরি হতে থাকে। আমরা সরকারের সকল আইন মেনে আমাদের রিসোর্ট পরিচালনা করছি। অথচ এখন দেখা যায় বেপরোয়া ভাবে রিসোর্ট গড়ে উঠেছে। এসব রিসোর্ট কিভাবে হচ্ছে কার অনুমতি নিয়ে হচ্ছে তা তদারকি করা খুবই প্রয়োজন।”
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমদ বলেন, “আমাদের জেলায় প্রায় ২০০টি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টের মধ্যে শুধু শ্রীমঙ্গল উপজেলায় ১০০ টির ওপরে আছে। কিভাবে এতো রিসোর্ট হচ্ছে তা বুঝতে পারছি না। অথচ প্রকৃত অর্থে শ্রীমঙ্গলে মাত্র ১০ থেকে ১২টি রিসোর্ট আছে, যাদেরকে আসলে রিসোর্ট বলা যায়। অনেকেই ৩-৪টি কক্ষ ভাড়া নিয়ে রিসোর্ট নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন। এসব রিসোর্ট কারা করছে তা আমাদের জানা নেই।”
তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার অন্তর্ভুক্ত প্রায় ৬০টি রিসোর্ট আছে। একটি রিসোর্ট করতে অনুমতি নেওয়ার ব্যাপারে কড়াকড়ি থাকত তাহলে এর সংখ্যা কম হতো।”
এসব বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, “আমরা দেখেছি বিভিন্ন সময় পাহাড়-টিলা ও বনাঞ্চল এলাকা কেটে রিসোর্ট বানানো হচ্ছে। কিভাবে পরিবেশর ক্ষতি করে রিসোর্ট বানানো হয় তা আমরা জানতে চাই। প্রাণীদের আবাসস্থল ধ্বংস করে টিলার উপর কেনো রিসোর্ট বানানো হয়। যারা রিসোর্ট বানাচ্ছে তারা বৈধ না অবৈধভাবে তা করছে আজ পর্যন্ত সরকারের কেউ তদারকি করতে দেখিনি। যত সময় যাচ্ছে বেপরোয়া ভাবে রিসোর্ট বানানোর সংখ্যা বাড়ছে। সরকারের উচিত এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করা। একটা রিসোর্ট তৈরির জন্য সরকারের অনেক গুলো দপ্তর থেকে অনুমতি নেওয়ার কথা থাকলেও কেউ তা পরোয়া করছেন না।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “কে রিসোর্ট করছে, কে অনুমতি দিচ্ছে এসব আমার জানা নেই। রিসোর্টের বিষয় নিয়ে আমাদের আরও চিন্তা করা উচিত। আমরা ইতোমধ্যে একটা তালিকা করেছি। রিসোর্ট তৈরির জন্য একটা নীতিমালা করা দরকার। সবকিছু মিলিয়ে একটা প্রজ্ঞাপন করা প্রয়োজন বলে আমি মনে করি।”
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, “জেলার সব মিলিয়ে প্রায় ৬০টি রিসোর্ট পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছে। যেসব রিসোর্ট ২০ কক্ষ বা তার অধিক এসব রিসোর্টের ছাড়পত্র আমরা দেই। বাকি রিসোর্টগুলো কার কাছ থেকে অনুমতি নিয়েছে এসব আমাদের জানা নেই।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, “এ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্ট ও পর্যটন স্থাপনাগুলোর জমির মালিকানা, নির্মাণ অনুমোদন, পরিবেশগত ছাড়পত্রসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে দেখা প্রয়োজন। কোন কোন স্থাপনা সরকারি জমি, বনভূমি বা পরিবেশের ক্ষতি করে নির্মাণ করা হয়েছে, এমন সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল শহরের যেসব রিসোর্ট-কটেজ রয়েছে, সেগুলো পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়েছে। তবে পৌরসভার বাইরের রিসোর্টগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে ট্রেড লাইসেন্স ব্যবহার করার কথা। পৌরসভার মাধ্যমে প্রায় ৩০টি রিসোর্টের ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান পুনরায় বলেন, “কে রিসোর্ট করছে, কে অনুমতি দিচ্ছে এসব বিষয়ে আমাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। আমরা একটি তালিকা করছি। রিসোর্ট নির্মাণ ও পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।”
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন জানান, পর্যটন খাতের উন্নয়নে নতুন কিছু পরিকল্পনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর পাশাপাশি, জেলা ও উপজেলার সব পর্যটন স্পটের মান ও সুযোগ-সুবিধা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পর্যটন সেল মূলত পাঁচ তারকা ও তিন তারকা মানের হোটেল-রিসোর্টের বিষয়গুলো দেখে। যারা রিসোর্ট করছে হয়তো তারা কোনো না কোনো বিভাগ থেকে অনুমতি নিচ্ছে, আবার নাও নিতে পারে এসব বিষয়ে বিস্তারিত জানা নেই। ছোটখাটো রিসোর্টগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তালিকা প্রস্তুতির জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “সারা জেলায় ৫০টি রিসোর্ট পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়েছে। অন্যগুলোর অনুমোদনের বিষয়ে আমাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। তবে পর্যটন খাতের উন্নয়নে নতুন কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর পাশাপাশি, জেলা ও উপজেলার সব পর্যটন স্পটের মান ও সুযোগ-সুবিধা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”,