সন্ত্রাস ও খুনের রাজনীতির পথ পরিহার করে ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার করা, আইনের আওতায় বিচারের মুখোমুখি হওয়া এবং স্পষ্টভাবে সন্ত্রাস ত্যাগের ঘোষণা না দিলে রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতার কোনো আলাপ সম্ভব নয় বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। তিনি আরও স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার জন্য এখন প্রত্যাবর্তনের কোনো পথ নেই; বরং তাঁর পরিণতি হবে প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশে যে সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে এই মন্তব্য করেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক সদস্য মাহফুজ আলম।

ফেসবুক পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন যে, সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন বা গৃহযুদ্ধের পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি প্রথম রিকনসিলিয়েশনের কথা সামনে এনেছিলেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’

মাহফুজ আলম সতর্ক করে লিখেছেন, আওয়ামী লীগ যদি তাদের সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত রাখে, তবে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের যে ক্ষতি হবে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আওয়ামী লীগ এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এমন রাষ্ট্র। এছাড়া বর্তমানে চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।